তিন দফা দাবিতে ছাত্রদের ক্লাস বর্জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন দফা দাবিতে ফরিদপুর মেডিকেল কলেজের প্রধান ফটকে তালা ঝুলিয়ে গতকাল শনিবার ক্লাস বর্জন করেছেন কলেজ শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ছাত্রলীগের নেতা ও সমর্থকেরা ভোরে কলেজের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়ে ক্লাস বর্জন কর্মসূচি ঘোষণা করেন। তাঁরা ছাত্রদের সঙ্গে খারাপ ব্যবহার করায় ক্যান্টিন মালিকের অপসারণ, ছাত্রকল্যাণ পরিষদে ছাত্রদের মনোনীত প্রতিনিধি অন্তর্ভুক্ত করা ও কলেজ ছাত্র সংসদের নির্বাচন অনুষ্ঠানের দাবি করেন। পরে সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অধ্যক্ষের সঙ্গে ছাত্রলীগ নেতা-কর্মীদের বৈঠক হয়।এ ব্যাপারে অধ্যক্ষ আ স ম জাহাঙ্গী চৌধুরী বলেন, ‘ছাত্রদের দাবি মেনে নেওয়ায় তাঁরা ক্লাস বর্জন কর্মসূচি প্রত্যাহার করেছে। ক্যান্টিন মালিকের ব্যাপারে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাইদুল হাসান বলেন, ‘আমাদের মূল দাবি পূরণ হওয়ায় আগামীকাল (রোববার) থেকে আমরা ক্লাসে ফিরে যাব।’কলেজ ক্যান্টিনের মালিক আমিনুল ইসলাম বলেন, ‘আমি কারও সঙ্গে দুর্ব্যবহার করিনি। ছাত্ররা হাত দিয়ে খাবার নেয়, বাকি খায়, এ বিষয়ে আপত্তি করায় তাঁরা আমার ওপর ক্ষুব্ধ হতে পারে।’