তিন দফা দাবিতে ঠিকাদারের সংবাদ সম্মেলন
মামলা প্রত্যাহারসহ তিন দফা দাবিতে গতকাল বৃহস্পতিবার লালমনিরহাট শহরের সাপটানা বাজার রোডের আরপি ট্রেডার্স নামক একটি ব্যবসাপ্রতিষ্ঠানে সংবাদ সম্মেলন করেছেন ঠিকাদার জহুরুল ইসলাম। তিনি লালমনিরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির একজন পরিচালক ও জেলা জাতীয় শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়কও।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঠিকাদার ও জেলা তরুণ লীগের আহ্বায়ক শহীদুল ইসলাম, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মজিবর রহমান, জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি আবদুল মজিদ খন্দকার প্রমুখ।
লিখিত বক্তব্যে জহুরুল বলেন, হাতীবান্ধা উপজেলা অডিটরিয়াম থেকে সিঙ্গিমারী ইউনিয়নের হেলিপ্যাড পর্যন্তÍতিন কিলোমিটার রাস্তার মেরামত ও সিসি ব্লক দিয়ে একটি সেতুর ভাঙনরোধের কাজ পায় মেসার্স জহুরুল ইসলাম নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। এ কাজের অর্থমূল্য প্রায় ২২ লাখ টাকা। রাস্তা মেরামতের কাজটি গত জুনে শেষ হলেও সিসি ব্লকের কাজ শেষ হয়নি। সিঙ্গিমারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মনোয়ার হোসেন প্রভাব খাটিয়ে মজুতকৃত সিসি ব্লক ও মালামালগুলো তাঁর কার্যালয়ে নিয়ে যান। অনুরোধ করেও সেগুলো ফেরত পাওয়া যায়নি। এতে প্রায় এক বছর ধরে কাজটি সমাপ্ত করা যায়নি। এরই মধ্যে ওই চেয়ারম্যান ঠিকাদারের কাছে দুই লাখ টাকা দাবি করেন, টাকা দিলে মালামাল ফেরত দেওয়ার কথা বলা হয়। ঠিকাদার টাকা দিতে অপারগতা প্রকাশ করেন। পরে ঠিকাদার আরও কিছু সিসি ব্লক বানাতে তাঁর মিস্ত্রিদের আদেশ করেন। কিন্তু সিঙ্গিমারী ইউপি সদস্য জসীম উদ্দীন সিসি ব্লক বানাতে বাধা দেন। এ কারণে কাজ বন্ধ রাখতে বাধ্য হন ঠিকাদার। গত মঙ্গলবার সিঙ্গিমারী ইউপির সামনে জসীমের কাছে মিস্ত্রিরা পুনরায় কাজ করার সহযোগিতা চাইলে তিনি (জসীম) মিস্ত্রিদের গালিগালাজ করেন। একপর্যায়ে জসীম মিস্ত্রিদের গায়ে হাত দিলে ধাক্কাধাক্কির সৃষ্টি হয়। ঘটনাস্থলে না থাকলেও ওই ঘটনায় ওই দিনই (মঙ্গলবার) জহুরুলকে প্রধান আসামি করে জসীম একটি মামলা করেন।
লিখিত বক্তব্যে তদন্ত না করে ঠিকাদার জহুরুলের বিরুদ্ধে হাতীবান্ধা থানার ওসি রেজাউল করিম কেন মামলাটি রেকর্ড করলেন তার তদন্ত, মামলাটি হয়রানিমূলক দাবি করে তা প্রত্যাহার এবং চাঁদা দাবি করায় ইউপি চেয়ারম্যান মনোয়ার ও তাঁর লোকদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানানো হয়।
এ বিষয়ে মনোয়ার বলেন, ‘আমি ঠিকাদার বা তাঁর লোকদের কাছে চাঁদা দাবি করি নাই। ইউপি চত্বরে থাকা ঠিকাদারের সিসি ব্লকগুলো
নিতে কাউকে বাধা দেওয়ার অভিযোগ সঠিক নয়।’
জসীম বলেন, ‘গত মঙ্গলবার আমাকে জখম ও হত্যার চেষ্টার অভিযোগে আমি জহুরুল ও রাজমিস্ত্রি মহসিন আলীর বিরুদ্ধে থানায় ওই মামলা করি।’ ঘটনার সময় জহুরুল ঘটনাস্থলে না থাকলেও তাঁকে আসামি করা হলো কেন, এ ব্যাপারে জানতে চাইলে তিনি মুঠোফোনের সংযোগ কেটে দেন।
ওসি রেজাউল করিম বলেন, তদন্তের আলোকে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। যদি প্রমাণ হয় জহুরুল ঘটনার সময় উপস্থিত ছিলেন না, সেভাবেই প্রতিবেদন হবে।