তিন দফা দাবিতে প্রতিবন্ধীদের প্রতীকী অনশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন দফা দাবিতে নোয়াখালীতে গতকাল মঙ্গলবার প্রতীকী অনশন করেছে প্রতিবন্ধী নাগরিক অধিকার পরিষদের জেলা শাখা। সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত নোয়াখালী প্রেসক্লাব চত্বরে এ কর্মসূচি পালিত হয়।অনশন চলাকালে বক্তৃতা করেন সংগঠনের জেলা কমিটির আহ্বায়ক আবু আবদুল্যাহ, যুগ্ম আহ্বায়ক প্রতিভা রানী দাস, সদস্য রফিকউল্যা মাস্টার, জসিম উদ্দিন, আবদুল হাই, আবু তাহের প্রমুখ। বক্তারা বলেন, সারা দেশে প্রায় দুই কোটি ৪০ লাখ নারী-পুরুষ প্রতিবন্ধী রয়েছেন, যাঁরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সরকারকে রাজস্ব দিচ্ছেন। তাঁরা সরাসরি আট কোটি মানুষের পরিবারভুক্ত রয়েছে বলেও বক্তারা উল্লেখ করেন। তাঁরা বলেন, ২৫ বছরের বেশি সময় ধরে তাঁরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করে আসছেন। সরকার পরিবর্তন হয়েছে, কিন্তু তাঁদের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। তাঁদের দাবির বিষয়ে কেউ কোনো পদক্ষেপ নেয়নি। তাই তাঁরা প্রতিবন্ধীদের ন্যায্য দাবি মেনে নিয়ে সমাজে সমঞ্চানের সঙ্গে বেঁচে থাকার জন্য সরকারের আশু পদক্ষেপ দাবি করেন।