তিন দফা দাবিতে বড়পুকুরিয়ায় ৪৮ ঘণ্টার অবরোধ শুরু
দিনাজপুরের পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনিতে উন্মুক্ত খনন তৎপরতা বন্ধ, বিগত আমন ফসলের ক্ষতিপূরণ, মিথ্যা মামলা প্রত্যাহারসহ তিন দফা দাবি আদায়ে ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি শুরু করেছে তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি। গতকাল সোমবার সকাল ১০টা থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে কয়েক শ নারী-পুরুষ বিক্ষোভ মিছিলসহ খনির প্রধান ফটকে অবস্থান নেন। অবরুদ্ধ হয়ে পড়েন খনিতে নিয়োজিত কর্মকর্তা ও কর্মচারীরা। এ সময় কোনো কর্মকর্তা-কর্মচারীকে খনি ক্যাম্পাসের বাইরে বের হতে দেখা যায়নি।পরিস্থিতি মোকাবিলায় দুই শতাধিক পুলিশ ও র্যাবের ৪০ জন সদস্য মোতায়েন করা হয়েছে। তবে কয়লা উত্তোলন অবরোধের আওতামুক্ত থাকায় উৎপাদনকাজে কোনো রকম ব্যাঘাত ঘটেনি।বেলা ১১টায় খনির প্রধান ফটকে তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা বড়পুকুরিয়া-ফুলবাড়ী আঞ্চলিক কমিটির আহ্বায়ক মেনহাজুল হক বুলবুলের সভাপতিত্বে এক সমাবেশে বক্তব্য দেন সদস্যসচিব মতিয়ার রহমান, আলতাব হোসেন, রবিউল আউয়াল খোকন, এস এম নুরুজ্জামান প্রমুখ। বক্তারা বিগত আমন ফসলসহ সব ক্ষতিপূরণের টাকা পরিশোধ; জমি, ফসল ও জাতীয় সম্পদ রক্ষা করার জন্য আন্দোলনকারীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার এবং উন্মুক্ত পদ্ধতিতে কয়লা খননের তৎপরতা বন্ধ করতে সরকারের প্রতি আহ্বাহন জানান। আগামী বুধবার সকাল ১০টার মধ্যে দাবি মেনে নেওয়া না হলে পরবর্তী সময়ে কঠোর কর্মসূচি ঘোষণার হুমকি দেন তাঁরা।এ ব্যাপারে বড়পুকুরিয়া কয়লা খনির ব্যবস্থাপনা পরিচালক এমডি কামরুজ্জামান বলেন, বিশৃঙ্খলা এড়াতে তাঁরা নিজেরাই খনি থেকে বের হননি। আন্দোলনকারীরা ভূমি জরিপের কাজে বাধা দেওয়ার কারণে ক্ষতিপূরণ দেওয়া সম্ভব হচ্ছে না। উন্মুক্ত পদ্ধতিতে খনন প্রসঙ্গে তিনি বলেন, বড়পুকুরিয়ায় আন্ডারগ্রাউন্ড থেকে কয়লা উঠছে, এখানে তো উন্মুক্ত খননের প্রশ্নই আসে না।