ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রো মেডিকেল বিভাগের শিক্ষার্থীরা তিন দফা দাবিতে প্রতীকী অনশন কর্মসূচি পালন করেছে।গতকাল রোববার সকাল ১০টা থেকে বেলা একটা পর্যন্ত তিন ঘণ্টাব্যাপী অধ্যক্ষের কার্যালয়ের সামনে প্রতীকী অনশন কর্মসূচি পালনকালে শিক্ষার্থীরা আগামী চার দিনের কর্মসূচিও ঘোষণা করেছে। চার দিনের কর্মসূচির মধ্যে আজ সোমবার ওই বিভাগের শিক্ষার্থীরা সব ক্লাস বর্জন করে কাফনের কাপড় পরে একসঙ্গে ইনস্টিটিউটের সামনে অবস্থান গ্রহণ করবে। পরদিন জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাওসহ বিভিন্ন কর্মসূচি রয়েছে।শিক্ষার্থীদের তিন দফা দাবির মধ্যে রয়েছে: প্রতিটি ইনস্টিটিউটে ওই বিভাগে পর্যাপ্ত শিক্ষক নিয়োগ, প্রয়োজনীয় যন্ত্রপাতির ব্যবস্থা এবং সরকারি-বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে বাধ্যতামূলকভাবে ইলেকট্রো মেডিকেলের প্রকৌশলী নিয়োগ দিতে হবে। অনশনরত শিক্ষার্থীরা জানায়, ২০০৫ সালে ময়মনসিংহ পলিটেকনিকেল ইনস্টিটিউটে ইলেকট্রো মেডিকেল বিভাগ চালু হওয়ার পর এ পর্যন্ত চার শতাধিক শিক্ষার্থী শিক্ষাজীবন শেষ করে কর্মসংস্থানের অভাবে বেকার জীবন যাপন করছেন। এ বছরের শেষের দিকে বর্তমান ব্যাচের কোর্স শেষ হলে মোট দুই হাজার শিক্ষার্থী বেকার থাকতে বাধ্য হবেন। কারণ, সরকারি অথবা বেসরকারি যেসব প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট পদে তাঁদের চাকরি হওয়ার কথা, সেসব পদে বর্তমানে নন-প্রফেশনাল লোক নিয়োগ দিয়ে যেনতেনভাবে কাজ চালানো হচ্ছে। এতে মানুষ যেমন সেবা থেকে বঞ্চিত হচ্ছে, তেমনি প্রতিষ্ঠানগুলো মানুষকে সঠিক মানের সেবা দিতে পারছে না।