তিন দফা দাবিতে সার উত্তোলন বন্ধ
তিন দফা দাবি বাস্তবায়নের দাবিতে ডিলাররা চট্টগ্রামের তিনটি সরকারি সার কারখানা থেকে সার উত্তোলন বন্ধ রেখেছেন ডিলাররা। গতকাল মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো তাঁরা সার উত্তোলন ও সরবরাহ বন্ধ রাখেন।
চট্টগ্রামের আনোয়ারার ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) ও ডিএসপি এবং পতেঙ্গার টিএসপি সার কারখানার প্রায় নয় হাজার ডিলার তিন দফা দাবিতে গত সোমবার থেকে সার তোলা বন্ধ রেখেছেন।
টিএসপি সার সারা দেশে এবং সিইউএফএল ও ডিএসপিতে উৎপাদিত সার আটটি জেলায় সরবরাহ করা হয়।
তিন দফা দাবির মধ্যে রয়েছে গোডাউনে চাঁদাবাজি বন্ধ করা, ১৫ টন করে সার তোলার অনুমোদন এবং সারের বস্তার ভেতরে হুক মেরে সার চুরি বন্ধ করা। বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন চট্টগ্রাম শাখার সভাপতি মোহাম্মদ নাসিরউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘তিন দফা দাবি নিয়ে সরকারের উচ্চপর্যায়ে আলোচনা চলছে। এখনো কোনো সুরাহা না হওয়ায় আমাদের ডিলাররা দ্বিতীয় দিনের মতো সার উত্তোলন বন্ধ রেখেছেন।’ ।