তিন দলের কাছেই মর্যাদার লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তফসিল ঘোষণার পর রাঙামাটি পৌরসভা নির্বাচনকে ঘিরে বিভিন্ন রাজনৈতিক দলের ভেতরে প্রার্থী মনোনয়ন নিয়ে তোড়জোড় শুরু হয়েছে। গত সংসদ নির্বাচন ও উপজেলা পরিষদ নির্বাচনে রাঙামাটিতে দলীয় প্রার্থী পরাজিত হওয়ায় এবার পৌর নির্বাচন ঘিরে আওয়ামী লীগ অনেকটাই সতর্ক। দলীয়ভাবে মেয়র নির্বাচন হওয়ায় অন্য রাজনৈতিক দলের কাছেও তা মর্যাদার লড়াইয়ে পরিণত হয়েছে।

নির্বাচন নিয়ে স্থানীয় বিএনপির নেতাদের প্রস্তুতি থাকলেও তাঁরা এখনো কেন্দ্রের দিকে তাকিয়ে আছেন। কেন্দ্র থেকে ইতিবাচক সিদ্ধান্ত আসবে বলেই নেতারা ভাবছেন। অপরদিকে আঞ্চলিক রাজনৈতিক দল জনসংহতি সমিতি মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য যোগ্য প্রার্থী খুঁজছে।

ওয়ার্ডের সীমানা নিয়ে আপত্তি থাকায় রাঙামাটি পৌরসভা নির্বাচন হবে কিনা, তা নিয়ে এত দিন নেতা-কর্মীদের মনে সন্দেহ ছিল। রাজনৈতিক দলগুলোর মধ্যেও কিছুটা ঢিলেঢালা ভাব ছিল। কিন্তু গত মঙ্গলবার তফসিল ঘোষণার পর সব সংশয় কেটে গেছে।

রাঙামাটি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মুছামাতব্বর বলেন, ‘আমরা নির্বাচনের জন্য প্রস্তুত। কয়েক দিনের মধ্যে মেয়র প্রার্থী বাছাই করা হবে। আর কাউন্সিলর প্রার্থীদের সংশ্লিষ্ট ওয়ার্ড কমিটিগুলো বাছাই করবে।’

বিএনপি গত পৌরসভা নির্বাচনে জয়লাভ করার পর এবারও জয়ের ধারা অব্যাহত রাখতে তৎপর। তবে বর্তমান মেয়র ও পৌর বিএনপির সভাপতি মো. সাইফুল ইসলাম চৌধুরী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার ঘোষণা দিয়েছেন। সে কারণে নতুন করে প্রার্থী বাছাইয়ে নামতে হচ্ছে নেতাদের।

রাঙামাটি জেলা বিএনপির সভাপতি মো. শাহ আলম বলেন, নির্বাচন নিয়ে প্রস্তুতি আছে। তবে কেন্দ্রীয় সিদ্ধান্ত না পাওয়া পর্যন্ত মেয়র পদে প্রার্থী বাছাই করা হবে না।

আঞ্চলিক রাজনৈতিক দল সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি সংসদ নির্বাচন এবং উপজেলা পরিষদ নির্বাচনে সাফল্য পাওয়ায় পৌরসভা নির্বাচনেও জয়ী হতে যোগ্য প্রার্থী খুঁজছে বলে নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে। তবে দলের নিবন্ধন না থাকায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে তাঁদের মেয়র নির্বাচনে অংশ নিতে হবে।

জনসংহতি সমিতির একাধিক সূত্র জানিয়েছে, যোগ্য প্রার্থী না পেলে সবার কাছে গ্রহণযোগ্য কোনো স্বতন্ত্র প্রার্থী নির্বাচন করলে জনসংহতি সমিতি তাঁর পক্ষে কাজ করবে। তবে সমিতির কেন্দ্রীয় তথ্য ও প্রচার সম্পাদক মঙ্গল কুমার চাকমা বলেন, ‘পৌর নির্বাচন নিয়ে আমরা এখনো চিন্তা করছি না।’