তিন দলের ১২ চেয়ারম্যানের জামানত বাজেয়াপ্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম দফা উপজেলা পরিষদ নির্বাচনে পঞ্চগড়ের চার উপজেলা এবং বগুড়ার দুপচাঁচিয়া ও ধুনটের ১২ জন চেয়ারম্যান পদপ্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। এর মধ্যে আওয়ামী লীগের আট ও বিএনপির চার একজন প্রার্থী রয়েছেন।
প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো সংবাদ:
পঞ্চগড়: সাত চেয়ারম্যান পদপ্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। তাঁরা হলেন সদর উপজেলায় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাকির-বিপেন অংশের প্রার্থী আরিফুল ইসলাম; বোদায় বিএনপির আবদুল আজিজ, আফজাল হোসেন, মজনুর রহমান ও আওয়ামী লীগের মোয়াজ্জেম হোসেন; দেবীগঞ্জে বিএনপি-সমর্থিত প্রার্থী আবু তোরাব সরকার ও আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী আবদুল মালেক চিশতি। অবশ্য বোদার আবদুল আজিজ নির্বাচনের দুই দিন আগে সংবাদ সম্মেলন করে নির্বাচন থেকে সরে দাঁড়ান।
এখানে ছয়জন ভাইস চেয়ারম্যান এবং চারজন মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।
পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং কর্মকর্তা আহমেদ কবীর বলেন, যে প্রার্থী প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগের কম ভোট পেয়েছেন, তাঁর জামানত বাজেয়াপ্ত করা হয়েছে।
দুপচাঁচিয়া: আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী আবদুস সামাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে। তিনি পেয়েছেন এক হাজার ৫৮৮ ভোট। এছাড়া এখানে জাপা সমর্থিত ভাইস চেয়ারম্যান প্রার্থীরও জামানত বাজেয়াপ্ত হয়েছে।
ধুনট: এখানে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি টি আই এম নুরুন্নবী তারিকের পাশাপাশি দলটির ‘বিদ্রোহী’ প্রার্থী ছিলেন সহসভাপতি কুদরত-ই-খুদা, শফিকুল ইসলাম ও উপজেলা যুবলীগের সভাপতি এস এম মতিউর রহমান। এই চারজনেরই জামানত বাজেয়াপ্ত হয়েছে।