তিন দশক ধরে পলাতক পরেশ বড়ুয়া
চট্টগ্রামের বিশেষ ট্রাইব্যুনাল-১ গতকাল বৃহস্পতিবার ১০ ট্রাক অস্ত্র চোরাচালান মামলার রায়ে যে ১৪ জনের ফাঁসির আদেশ দিয়েছেন, এর মধ্যে আছেন ভারতের আসাম রাজ্যের বিচ্ছিন্নতাবাদী সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসামের (উলফা) সামরিক শাখার প্রধান পরেশ বড়ুয়া। তিনি পলাতক।
এই মামলায় রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) কামাল উদ্দিন আহমেদ প্রথম আলোকে গত বুধবার বলেন, মামলার অন্যতম আসামি হাফিজুর রহমান তাঁর জবানবন্দিতে উলফার জন্য ওই অস্ত্র-গোলাবারুদ পরেশ বড়ুয়ার তত্ত্বাবধানে আনা হয়েছিল বলে স্বীকার করেন। অস্ত্র খালাসকালে পরেশ বড়ুয়া জামান নামে নিজের পরিচয় দিয়ে সিইউএফএল জেটিঘাটে ছিলেন। অস্ত্র আনা থেকে শুরু করে পরিবহন—সবই দেখভাল করেন পরেশ বড়ুয়া। ঘটনার দুই বছর আগে জাতীয় পার্টির নেতা গোলাম ফারুক অভির মাধ্যমে পরেশের সঙ্গে হাফিজের পরিচয় হয়। পরেশই হাফিজকে বিদেশ থেকে জাহাজে করে মেশিনারিজ আনা হবে বলে জানান। হাফিজকে অগ্রিম ৫০ লাখ টাকাও দেন।
ভারতের আসাম রাজ্যের জেরাইচাকলি ভারাইগাঁও গ্রামের দ্বিজেন বড়ুয়ার ছেলে পরেশ বড়ুয়া। পরেশ অসম নামে তাঁর পরিচিতি আছে। তবে আরও কয়েকটি ছদ্মনাম ব্যবহার করেন এই গেরিলা নেতা। এর মধ্যে আছে কামরুজ্জামান খান, নুরুজ্জামান ও জামান ভাই।
পরেশ বড়ুয়ার জন্ম ১৯৫৭ সালে। আসাম পুলিশের ‘মোস্ট ওয়ান্টেড’ সন্ত্রাসী পরেশ বড়ুয়ার বিরুদ্ধে হত্যা, অবৈধ অস্ত্র ব্যবহার এবং জোরপূর্বক অপহরণের অভিযোগ আছে। ১৯৯৭ সালের ফেব্রুয়ারি মাসে ইন্টারপোল পরেশ বড়ুয়ার বিরুদ্ধে পরোয়ানা জারি করে।
২০০৯ সালে আওয়ামী লীগ সরকার দায়িত্ব নেওয়ার পর উলফার সভাপতি অরবিন্দ রাজখোয়াসহ উলফার বেশ কয়েকজন শীর্ষস্থানীয় নেতা বাংলাদেশে আটক হন বলে ভারতের কিছু পত্রিকায় প্রকাশ করা হয়। এরপর উলফা দুই ভাগে ভাগ হয়ে যায়। রাজখোয়ার নেতৃত্বে উলফার একটি বড় অংশ ভারত সরকারের সঙ্গে শান্তি আলোচনা শুরু করে। কিন্তু পরেশ বড়ুয়ার নেতৃত্বাধীন অপর অংশ এই আলোচনার ঘোর বিরোধী।
অস্ত্র কেনাকাটার সঙ্গে জড়িত থাকার জন্য পরেশ বড়ুয়া দ্রুত উলফার শীর্ষে চলে আসেন। ২০০৯ সালে তেহেলকা.কমকে এ কথা জানান উলফার নেতা জিতেন দত্ত। ভারত সরকারের সঙ্গে উলফার যে গ্রুপটি আলোচনা চালিয়ে যাচ্ছে এর এক নেতা জিতেন। তিনি বলেছিলেন, অস্ত্র কেনাবেচার কাজটি পরেশ কখনোই কারও কাছে ছাড়েননি। আর এভাবেই দলটির শীর্ষে চলে যান পরেশ।
২০১০ সালের ডিসেম্বরে ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের (আইএএনএস) কাছে পাঠানো এক ই-মেইলে পরেশ দাবি করেন,
ঢাকায় তাঁর বড় ছেলেকে অপহরণ করা হয়েছে। তাঁর পরিবারের ওপর চাপ সৃষ্টি করে তাঁকে আত্মসমর্পণে বাধ্য করতেই ছেলেকে অপহরণ করা হয়েছে বলে দাবি করেছিলেন তিনি।
তবে বিষয়টি নিয়ে ভারত বা বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো মন্তব্য তখন পাওয়া যায়নি। উলফায় যোগ দেওয়ার পর তিন দশক ধরে তিনি পলাতক অবস্থায় আছেন। তাঁর অবস্থান নিয়ে নানা গুজব থাকলেও তিনি ঠিক কোথায়, সেটি নিশ্চিত করে কেউ বলতে পারেন না।