প্রায় তিন দশক পর আজ রোববার চট্টগ্রাম কলেজ ক্যাম্পাসে মিছিল-সমাবেশ করেছে ছাত্র ইউনিয়ন। কলেজের প্রশাসনিক ভবনের সামনে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন ছাত্র ইউনিয়নের চট্টগ্রাম জেলা সংসদের সভাপতি শিমুল বৈষ্ণব, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি মেহেদী হাসান ও সাংগঠনিক সম্পাদক জাকারিয়া খন্দকার।
বক্তারা বলেন, প্রতিক্রিয়াশীল জামায়াত-শিবির গোষ্ঠীর থাবা থেকে মুক্ত করে এই ক্যাম্পাসে প্রগতিশীল মুক্তবুদ্ধির রাজনীতির পুনরুত্থান ঘটানো হবে। চট্টগ্রাম কলেজ ক্যাম্পাসকে সন্ত্রাস, দখলদারিত্ব ও জঙ্গিবাদ মুক্ত রাখতে ছাত্র ইউনিয়ন নিরলস লড়াই চালিয়ে যাবে। এখন থেকে পয়লা বৈশাখসহ চিরায়ত বিভিন্ন উৎসব এ ক্যাম্পাসে নিয়মিত উদ্যাপিত হবে।
সমাবেশ শেষে সংগঠনের নেতা কর্মীরা কলেজের শহীদ মিনারে পুষ্পস্তবক দেন। এরপর কলেজ অধ্যক্ষ জেসমিন আক্তারের সঙ্গে সাক্ষাৎ করেন তাঁরা। এ সময় তাঁরা ক্যাম্পাসে শিক্ষক-শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য কলেজ কর্তৃপক্ষের প্রতি দাবি জানান।
এর আগে দুপুর ১২টার দিকে কলেজের প্রধান ফটকের সামনে থেকে মিছিল বের করে ছাত্র ইউনিয়ন। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়।
গত ১৬ ডিসেম্বর ক্যাম্পাসে ছাত্রলীগ ও শিবিরের মধ্যে সংঘর্ষের পর কলেজের চারটি ছাত্রাবাস বন্ধ ঘোষণা করে কলেজ কর্তৃপক্ষ।
১৯৮৪ সালের ২৮ মে ছাত্রশিবিরের কর্মীরা কলেজ ছাত্রাবাসে ছাত্র ইউনিয়নের চট্টগ্রাম জেলা সংসদের নেতা শাহাদাৎ হোসেনকে গলা কেটে হত্যা করার পর থেকে এ কলেজ ক্যাম্পাসে বামপন্থী এ ছাত্র সংগঠনটির কোনো কার্যক্রম ছিল না।