তিন দালালসহ আটক ৪৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টাকালে গত বৃহস্পতিবার রাতে কক্সবাজারের টেকনাফ থেকে এক নারী ও তিন দালালসহ ৪৮ ব্যক্তিকে আটক করেছে কোস্টগার্ড, বিজিবি ও পুলিশ।
কোস্টগার্ড, বিজিবি ও পুলিশ সূত্র জানায়, ওই দিন রাত নয়টার দিকে টেকনাফ পৌর এলাকার বাসস্ট্যান্ড এলাকা থেকে কোস্টগার্ড টেকনাফ স্টেশনের লে. দেওয়ান রফিকুল আওয়ালের নেতৃত্বে অভিযান চালিয়ে সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টাকালে তিন দালালসহ ২৯ ব্যক্তিকে আটক করা হয়।
আটক দালাল চক্রের সদস্যরা হলেন কক্সবাজারের সোনা আলী, নাটোরের আবদুর রহমান ও মো. জাহেদ। অন্যদিকে একই দিন রাত ১০টার দিকে নয়াপাড়া বিজিবির কোম্পানি কমান্ডার সুবেদার মুজিবুর রহমানের নেতৃত্বে উপজেলার সাবরাং ইউনিয়নের কোয়াইনছড়িপাড়া সৈকত এলাকা থেকে ১০ ব্যক্তিকে আটক করে। এ ছাড়া পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. হানিফের নেতৃত্বে পৌরসভার কুলালপাড়া স্টেশন এলাকা থেকে এক নারীসহ নয় ব্যক্তিকে আটক করা হয়।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহামঞ্চদ ফরহাদ সত্যতা নিশ্চিত করে বলেন, আটক যাত্রীরা যশোর, চুয়াডাঙ্গা, নাটোর, মেহেরপুর, শরীয়তপুর, কুড়িগ্রাম, সিরাজগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, সিলেট ও মিয়ানমারের এক নারীসহ ৪৮ জনকে আটক করা হয়। তাঁদের মধ্যে তিন দালালের বিরুদ্ধে মানবপাচার ও এক নারীকে অবৈধভাবে বিদেশে পাঠানোর জন্য মামলা রুজু করা হয়েছে।