তিন দিন আগে উদ্ধার করা গাড়িতে ৫০০ বোতল ফেনসিডিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের ঘিওর থেকে তিন দিন আগে উদ্ধার করা হয় একটি চোরাই প্রাইভেট কার। গতকাল মঙ্গলবার ওই গাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ উদ্ধার করে ৫০০ বোতল ফেনসিডিল।ঘিওর থানা সূত্রে জানা গেছে, গত শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে পুলিশ অভিযান চালিয়ে ঘিওর উপজেলার তরা এলাকা থেকে একটি চোরাই প্রাইভেট কার উদ্ধার করে। এ সময় গাড়ি চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। পরের দিন শনিবার আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়। সোমবার রাতে পুলিশ খবর পায়, উদ্ধার করা ওই প্রাইভেট কারে ফেনসিডিল রয়েছে। এরপর গতকাল সকালে জেলা জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে আবেদনের মাধ্যমে জিজ্ঞাসাবাদের জন্য আসামিদের পুলিশ হেফাজতে নেওয়া হয়। তাদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে পুলিশ ওই গাড়িতে বিশেষ ব্যবস্থায় রাখা ৫০০ বোতল ফেনসিডিল উদ্ধার করে।ঘটনার সত্যতা নিশ্চিত করে ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ-উল ইসলাম বলেন, পুলিশের জিজ্ঞাসাবাদে আসামিরা ফেনসিডিল কেনাবেচার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে ঘিওর থানায় মাদকদ্রব্য আইনে আরও একটি মামলা হয়েছে। তিনি আরও বলেন, উদ্ধার করা গাড়িটি ৭ মার্চ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা থেকে ছিনতাই হয়। এ ঘটনায় গাড়িটির মালিক আবদুর রাজ্জাক পলাশবাড়ী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।