খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের টানা কর্মবিরতিতে চিকিৎসাসেবা অনেকটা ভেঙে পড়েছে। তাঁরা দায়িত্ব পালন না করায় রোগীদের ভরসা এখন নার্সরা। চিকিৎসা কর্মকর্তারা অতিরিক্ত দায়িত্ব পালন করতে গিয়ে হিমশিম খাচ্ছেন। গতকাল বুধবার ছিল ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতির তৃতীয় দিন।
উদ্ভূত পরিস্থিতিতে গত মঙ্গলবার সন্ধ্যায় ইন্টার্ন চিকিৎসক পরিষদের নেতাদের সঙ্গে হাসপাতালের তত্ত্বাবধায়কের বৈঠক হয়। সেখানে তিনি নিরাপত্তা দেওয়ার আশ্বাস দিয়েছিলেন বলে জানান ইন্টার্ন চিকিৎসক পরিষদের নেতারা। আশ্বাসমতো ইন্টার্ন চিকিৎসকেরা গতকাল সকাল থেকে কাজে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু আশ্বাসের বাস্তবায়ন না হওয়ায় তাঁরা কাজে যোগ দেননি। ইন্টার্ন চিকিৎসকেরা তাঁদের নিরাপত্তার নিশ্চয়তা ও হাসপাতালের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের দাবিতে গত সোমবার সকাল থেকে কর্মবিরতি পালন করছেন।
গত রোববার রাতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত এক শিশু খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়। এরপরই শিশুর বাবা দায়িত্বে অবহেলার অভিযোগ তুলে চিকিৎসকদের ওপর হামলা চালান। এ ছাড়া প্রায় প্রতি মাসেই চিকিৎসক লাঞ্ছনার ঘটনা ঘটছে। এসব ঘটনার প্রতিবাদে ও নিজেদের নিরাপত্তার দাবিতে কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকেরা।
এদিকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতির কারণে চরম দুর্ভোগে পড়েছেন রোগীরা। তাঁরা এখন নার্সদের ওপরই ভরসা করছেন। বিপুলসংখ্যক রোগী সামলাতে গিয়ে নার্সরা হিমশিম খাচ্ছেন। হাসপাতালের মোট ১৬টি ওয়ার্ডে ২৫০ শয্যার বিপরীতে পাঁচ শতাধিক রোগী রয়েছেন বলে ওয়ার্ড সূত্রগুলো জানিয়েছে।
গতকাল বেলা আড়াইটা থেকে বিকেল পৌনে চারটা পর্যন্ত ১ ঘণ্টা ১৫ মিনিট সরেজমিন পরিদর্শনকালে ৭, ৮, ৯, ১০, ১১ ও ১২ নম্বর ওয়ার্ডে কোনো চিকিৎসককে পাওয়া যায়নি। প্রসূতিদের ৩ ও ৪ নম্বর ওয়ার্ডে দুজন চিকিৎসক, ১৩ ও ১৪ নম্বরে শিশু, যৌন ও চর্ম ওয়ার্ডে একজন এবং ৫ ও ৬ নম্বর ওয়ার্ড মেডিসিন ইউনিট ১-এ একজন চিকিৎসক সেবা দিচ্ছিলেন। মেডিসিন ইউনিটে বেশিসংখ্যক রোগীকে সেবা দিতে গিয়ে ওই চিকিৎসক হিমশিম খাচ্ছিলেন। ওই চিকিৎসক সহকারী রেজিস্ট্রার ফয়জুর রহমান বলেন, ‘প্রায় ২৪ ঘণ্টা কাজ করা লাগছে। সাধ্যমতো আমি সেবা দিয়ে চলেছি।’
শয্যা না পেয়ে ৯ নম্বর ওয়ার্ডের মেঝেতে আছেন বাগেরহাটের রামপালের গৌরম্ভা গ্রামের মিরাজুল ইসলাম। বাস ও নছিমনের ধাক্কায় গুরুতর আহত হয়ে মঙ্গলবার ভর্তি হয়েছেন তিনি। তাঁর এক স্বজন মনিরুজ্জামান বলেন, ‘ভর্তি হওয়ার পর থেকে এখনো কোনো চিকিৎসক আসেননি। কী করা লাগবে, তা-ও বুঝতে পারছি না।’ ওই ওয়ার্ডে দায়িত্ব পালন করছিলেন দুজন নার্স। তাঁদের একজন ভারতী মণ্ডল বলেন, ‘বুধবার ওটির দিন, তাই এই দিন সকালে চিকিৎসকেরা রাউন্ড দেন না। বিকেলে হয়তো আসবেন। এমন পরিস্থিতিতে রোগীর সেবা দিতে আমাদেরও ভীষণ কষ্ট হচ্ছে।’