কক্সবাজার পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি অব্যাহত রয়েছে। গতকাল বৃহস্পতিবারও কার্যত অচল ছিল পৌরসভা। ফলে নাগরিকদের ভোগান্তি বেড়েছে।
গত মঙ্গলবার দুপুরে পৌরসভা ভবনে প্রশাসনিক কর্মকর্তা খোরশেদ আলমকে মারধর করেন পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জাবেদ মো. কায়সার ওরফে নোবেল। এ ঘটনার পর ওই দিন বিকেল ৪টা থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করা হয়। গত বুধবার এ ঘটনায় কমিশনারের বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় মামলা করেন প্রশাসনিক কর্মকর্তা খোরশেদ আলম। এ নিয়ে কর্মবিরতি চলছে তিন দিন ধরে।
গতকাল বৃহস্পতিবার বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পৌরসভায় একাধিকবার গিয়ে দেখা গেছে, শখানেক নারী-পুরুষ সেবা নিতে পৌর ভবনে জড়ো হন। কিন্তু ভবনের প্রতিটি কক্ষ তালাবদ্ধ থাকায় তাঁরা হতাশ হয়ে ফিরে যান। অনেকে প্রয়োজনীয় কাজের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেন।
দুপুর ১২টার দিকে দেখা যায়, পৌর ভবনের নিচতলায় বেশ কয়েকজন নারী মেঝেতে বসে আছেন। তাঁদের কেউ এসেছেন সন্তানের জন্মসনদ, জাতীয়তার সনদ বা অন্য সেবা নিতে।
পৌরসভার বৈদ্যঘোনা এলাকা থেকে আসা আয়েশা বেগম (৪৮) বলেন, ‘মেয়ের জন্মসনদ, জাতীয় সনদ ও প্রত্যয়নপত্রের খুবই দরকার। গত বুধবার দীর্ঘক্ষণ অপেক্ষা করেও এসব কাগজপত্র তুলতে পারিনি। আজও (বৃহস্পতিবার) কর্মবিরতি চলায় একই দুর্ভোগে পড়তে হয়েছে। মানুষকে এভাবে কষ্ট দেওয়ার মানে হয় না।’
পাহাড়তলী কচ্ছপিয়া পুকুর এলাকা থেকে দোকানের লাইসেন্স নিতে আসেন মোহাম্মদ আলম। তিনিও দীর্ঘক্ষণ অপেক্ষা করে ফেরত যান। যাওয়ার আগে ক্ষোভ প্রকাশ করে বলেন, একজন কাউন্সিলরের কর্মকাণ্ডের জন্য পৌরসভার নাগরিকদের ভোগান্তি পোহাতে হচ্ছে। অথচ সমস্যা সমাধানে কেউ এগিয়ে আসছে না।
বিকেলে শহর ঘুরে দেখা গেছে, বিভিন্ন স্থানে সড়কের পাশে ও খোলা ডাস্টবিনে ময়লা-আবর্জনা পড়ে আছে। দুই দিনের আবর্জনার স্তূপ জমেছে। এসব আবর্জনা থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ।
উদ্ভূত পরিস্থিতি নিয়ে গতকাল দুপুরে পৌরভবনের সম্মেলনকক্ষে বৈঠক হয়। এতে পৌর কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের নেতা ও প্যানেল মেয়র জিসান উদ্দিনের নেতৃত্বে কয়েকজন ওয়ার্ড কাউন্সিলর উপস্থিত ছিলেন। বৈঠকে ভোটার হওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র দেওয়া ও ময়লা-আবর্জনা পরিষ্কার-সংক্রান্ত দুটি সেবা চালু রাখার সিদ্ধান্ত হয়। তবে ওই বৈঠকে মেয়র (ভারপ্রাপ্ত) মাহবুবুর রহমান চৌধুরী উপস্থিত ছিলেন না।
বৈঠক শেষে প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করে পৌর কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশন কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক আবদুল মাবুদ বলেন, প্যানেল মেয়রের নেতৃত্বে বৈঠক হলেও দুটি সেবা চালু করার জন্য জেলা প্রশাসক ও মেয়রের অনুরোধও ছিল। আগামী রোববার নতুন কর্মসূচি না আসা পর্যন্ত এই দুটি সেবা চালু রাখা হবে। রোববার বেলা ১১টায় পৌর ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ করবে বাংলাদেশ পৌর কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটি। সেখান থেকে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।
এ ব্যাপারে মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, কর্মবিরতির কারণে নাগরিকদের কষ্ট হচ্ছে। সংকট সমাধানে আলাপ-আলোচনা চলছে।
এদিকে শুরু থেকে ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জাবেদ মো. কায়সার এ ঘটনার সঙ্গে জড়িত নয় বলে দাবি করে আসছেন। তিনি বলেন, প্রশাসনিক কর্মকর্তাকে মারধর করেননি। এসব মিথ্যা অভিযোগ।