তিন দিন ধরে ক্যাম্পাসে ঢুকছে না কোনো পত্রিকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পত্রিকার হকাররা তিন দিন ধরে ক্যাম্পাসে পত্রিকা বিক্রি বন্ধ রেখেছেন। গত বৃহস্পতিবার ক্ষুব্ধ শিক্ষার্থীরা জামায়াত-সমর্থিত তিনটি পত্রিকা পুড়িয়ে দেন এবং পত্রিকাসেবীকে মারধর করেন। এর পর থেকে পত্রিকা বিক্রি বন্ধ রেখেছেন তাঁরা।বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হলের সামনে কয়েকজন বিক্ষুব্ধ শিক্ষার্থী রবিন নামের এক পত্রিকাসেবীর কাছ থেকে আমার দেশ, নয়া দিগন্ত ও সংগ্রাম পত্রিকা নিয়ে তাতে আগুন ধরিয়ে দেন। এ সময় ওই পত্রিকাগুলো ক্যাম্পাসে বিক্রি করায় রবিনকে মারধর করেন তাঁরা। পাশাপাশি অন্যান্য পত্রিকাসেবীকে হুমকিও দেন শিক্ষার্থীরা।ক্যাম্পাসে পত্রিকার প্রধান ডিলার ‘শফি বুক স্টলের’ অধীনে পত্রিকা বিক্রি করেন পত্রিকাসেবীরা।শফি বুক স্টলের মালিক শফিকুল আলম প্রথম আলোকে বলেন, ‘পত্রিকা বিক্রি করতে গিয়ে পত্রিকাসেবীরা মারধর ও হুমকি দেওয়ায় তাঁরা পত্রিকা বিক্রি করতে পারবেন না বলে জানিয়ে দিয়েছেন। এ জন্য ক্যাম্পাসে পত্রিকা আনা বন্ধ রেখেছি। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দিয়েছি।’বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিরাজ উদদৌল্লাহ প্রথম আলোকে বলেন, ‘আমি আজকেই (শনিবার) এ ব্যাপারে একটি অভিযোগ পেয়েছি। উভয় পক্ষের সঙ্গে কথা বলে কীভাবে পত্রিকা আনা যায়, সে ব্যাপারে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছি।’