যান চলাচল কার্যত বন্ধ, ক্রেতা নেই সড়কের পাশের দোকানগুলোতে
তিন দিন ধরে ডুবে আছে আগ্রাবাদ এক্সেস রোড

তিন দিনেও চট্টগ্রাম নগরের আগ্রাবাদ এক্সেস সড়কে জমে থাকা বৃষ্টির পানি সরেনি। এতে এই সড়কে যান চলাচল কার্যত বন্ধ রয়েছে। নগরের বাণিজ্যিক এলাকার এই সড়কের আধা কিলোমিটার এলাকাজুড়ে কোথাও হাঁটুসম আবার কোথাওবা গোড়ালি পরিমাণ পানিতে ডুবে আছে। পানি ঢোকায় সড়কের দুই পাশের বেশিরভাগ দোকানে বন্ধ রয়েছে। পানি সরে যাওয়া কয়েকটি দোকান খুললেও ক্রেতার অভাবে বেচা-কেনা হচ্ছে না বলে জানান ব্যবসায়ীরা।
ভারী বর্ষণে গত মঙ্গলবার গভীর রাত থেকে চট্টগ্রাম নগরের আগ্রাবাদ এলাকার মা ও শিশু হাসপাতাল, সিডিএ আবাসিক এলাকা ও আগ্রাবাদ এক্সেস সড়ক ডুবে যায়। দুদিন পর গতকাল সকালে মা ও শিশু হাসপাতালের পানি নেমে গেলেও গতকাল সন্ধ্যা পর্যন্ত আগ্রাবাদ আবাসিক এলাকার একাংশ এবং আগ্রাবাদ এক্সেস সড়কের প্রায় আধা কিলোমিটার অংশ ডুবে ছিল।
চট্টগ্রাম নগরের শেখ মুজিব সড়কের বাদামতলী মোড় থেকে শুরু হয়ে পোর্ট কানেকটিং (পিসি) রোডের ছোট পুল এলাকা পর্যন্ত দুই দশমিক দুই কিলোমিটার দীর্ঘ সড়কটি ‘আগ্রাবাদ এক্সেস রোড’ নামে পরিচিত। চট্টগ্রামের ব্যস্ততম এই সড়ক দিয়ে আগ্রাবাদ থেকে হালিশহর, নয়াবাজার, সাগরিকা, অলংকার মোড়, এ কে খান গেট হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আসা-যাওয়া করা যায়। কিন্তু গত তিন দিন ধরে সড়ক জলমগ্ন থাকায় যাত্রীবাহী বাস, টেম্পো, ট্রাক, কাভার্ডভ্যানসহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচল কার্যত বন্ধ রয়েছে। রিকশা ও ভ্যান চললেও দ্বিগুণ ভাড়া গুনতে হচ্ছে যাত্রীদের।
সড়ক থেকে পানি দ্রুত নেমে যাওয়ার ব্যাপারে কোনো আশার কথা শোনাতে পারেননি চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন আহমদ। গতকাল বিকেলে তিনি প্রথম আলোকে বলেন, রাস্তায় জমে থাকা পানি পুরোপুরি নামতে আরও ২০ থেকে ২৫ ঘণ্টা সময় লাগতে পারে। তিনি বলেন, আগ্রাবাদ আবাসিক এলাকা ও আগ্রাবাদ এক্সেস রোডের জলাবদ্ধতার সমস্যা সরাসরি মহেশখালের বাঁধের সঙ্গে সম্পর্কিত। এই সমস্যা থেকে মুক্তির জন্য বাঁধ অপসারণের সিদ্ধান্ত হয়েছে। আর পানি নেমে যাওয়ার পর সড়কের সংস্কারকাজ জরুরি ভিত্তিতে শুরু হবে।
প্রধান প্রকৌশলীর মতো স্থানীয় উত্তর আগ্রাবাদ ওয়ার্ডের কাউন্সিলর নাজমুল হকও সড়কে পানি জমে থাকার জন্য মহেশখালের বাঁধকে দায়ী করেছেন। তিনি দাবি করেছেন, এলাকার সব নালা-নর্দমা আগেই পরিষ্কার করা হয়েছিল। কিন্তু বাঁধের কারণে পানি নামতে পারছে না।
গতকাল শুক্রবার দুপুরে সরেজমিনে দেখা যায়, নগরের বেপারী মোড় এলাকা থেকে আড়ং মোড় পর্যন্ত সড়ক জলমগ্ন হয়ে আছে। সড়কের কোথাও গোড়ালি, কোথাও আবার হাঁটুসম পানি জমে আছে। সড়কের এই অংশ পাড়ি দিতে হচ্ছে রিকশা ও ভ্যানে করে। যাঁরা রিকশা ও ভ্যান কিছুই পাননি তাঁদের বাধ্য হয়ে হেঁটেই গন্তব্যে যেতে হয়েছে। সড়কে জমে থাকা পানি দিয়েই অনেক অটোরিকশাচালককে তাঁদের গাড়ি পরিষ্কার করতে দেখা গেছে।
বেপারীপাড়ার বাসিন্দা ও সিএনজিচালিত অটোরিকশাচালক আবদুর রশিদ প্রথম আলোকে বলেন, আগেও বৃষ্টি হলে রাস্তায় পানি জমে যেত। তবে এবারের মতো আর কখনো এভাবে পানি জমে থাকতে দেখা যায়নি।
স্থানীয় একটি ওয়ার্কশপের (গাড়ি মেরামতকারী প্রতিষ্ঠান) মালিক জসিম উদ্দিন প্রথম আলোকে বলেন, সড়ক জলমগ্ন থাকায় গাড়ি চলাচল বন্ধ আছে। এতে ব্যবসা বন্ধ হয়ে গেছে।
জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জাইকার অর্থায়নে ৪৫ কোটি ৮৩ লাখ টাকা ব্যয়ে আগ্রাবাদ এক্সেস রোডের উন্নয়নকাজ করা হবে বলে জানান সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। তিনি গত বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, সড়কটি উঁচু ও পাশের নালাগুলো সংস্কার করা হবে। উন্নয়নকাজ শেষ হলে আগামী বছর থেকে এই সড়কে পানি উঠবে না।
আগ্রাবাদের এই সড়কের দুই পাশে ফার্নিচার, মুদি দোকান, ইলেকট্রনিকস সামগ্রীসহ বিভিন্ন ধরনের প্রায় পাঁচ শ দোকান রয়েছে। এই সড়কের পাশেই আছে সমবায় সিঙ্গাপুর মার্কেট। শুধু এই মার্কেটেই রয়েছে ৩১৪টি দোকান। জলাবদ্ধতার কারণে এই মার্কেটসহ সড়কের দুই পাশের দোকানগুলোতে ক্রেতাদের আনাগোনা নেই বললেই চলে।
সমবায় সিঙ্গাপুর মার্কেটের আগ্রাবাদ বহুমুখী সমবায় সমিতির সভাপতি মো. নাসির উদ্দিন প্রথম আলোকে বলেন, জলাবদ্ধতার কারণে রাস্তায় মানুষ চলাচল করতে পারছেন না। সেখানে তাঁরা মার্কেটে আসবেন কীভাবে। দোকান খোলা আছে কিন্তু ক্রেতা নেই।