তিন দিন ধরে ঢাকায় দুধ সরবরাহ বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন মিল্ক ভিটার বাঘাবাড়ী কেন্দ্র থেকে সংগৃহীত দুধ ঢাকার প্রধান কারখানায় সরবরাহের কাজ গতকাল শুক্রবার তৃতীয় দিনের মতো বন্ধ ছিল। বেতন না পাওয়ার অভিযোগ এনে বাঘাবাড়ী কেন্দ্রের ৭৬ জন শ্রমিক এ সরবরাহ-প্রক্রিয়া বন্ধ করে দিয়েছেন। গতকাল শুক্রবার তাঁদের সঙ্গে যোগ দিয়েছেন উত্তরবঙ্গ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সদস্যরা। আন্দোলনকারী শ্রমিক ও মিল্ক ভিটা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, গতকাল সকালে শ্রমিকেরা মিল্ক ভিটার প্রধান ফটকে লাঠি নিয়ে বিক্ষোভ মিছিল করেন। এ সময় তাঁদের সঙ্গে যোগ দেন ট্যাংকলরি শ্রমিকেরা। এদিকে ঢাকায় দুধ পাঠানো বন্ধের কারণে খামারিদের কাছ থেকে দুধ সংগ্রহ বন্ধ রেখেছে মিল্ক ভিটা। শাহজাদপুর উপজেলার রেশমবাড়ী প্রাথমিক দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতির প্রতিনিধি আবদুস সামাদ জানান, মিল্ক ভিটা কর্তৃপক্ষ কোনো চিঠিপত্র না দিয়েই সমবায় সমিতি থেকে দুধ সংগ্রহ বন্ধ করে দিয়েছেন। মিল্ক ভিটার বাঘাবাড়ী কেন্দ্রের মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. মুনীর চৌধুরী বলেন, ৭৬ জন শ্রমিকের বিষয়টি নিয়ে রোববার ঢাকায় স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠকে সিদ্ধান্ত হবে।