তিন দিন ধরে বন্ধ কক্সবাজার-টেকনাফ সড়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারী বর্ষণ ও বন্যার পানির অস্বাভাবিক বৃদ্ধিতে তিন দিন ধরে বন্ধ টেকনাফ-কক্সবাজার সড়ক। পাশাপাশি গত বৃহস্পতিবার টেকনাফের বিকল্প রাস্তা মেরিন ড্রাইভ সড়কের একটি অংশ ভেঙে পড়ায় কক্সবাজারের সঙ্গে টেকনাফের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

টেকনাফের অতিরিক্ত দায়িত্বে থাকা সড়ক ও জনপথ বিভাগ (সওজের) উখিয়ার উপসহকারী প্রকৌশলী পলাশ চাকমা আজ শনিবার প্রথম আলোকে বলেন, ভারী বর্ষণের কারণে গত বৃহস্পতিবার থেকে টেকনাফ-কক্সবাজার সড়কের রামু উপজেলার জাফর মিয়ার কাড়ি নামক এলাকায় প্রায় তিন কিলোমিটার সড়কের ওপর দিয়ে তিন-চার ফুট উচ্চতায় পাহাড়ি ঢল ও জোয়ারের পানি প্রবাহিত হচ্ছে। এতে কক্সবাজারের সঙ্গে টেকনাফের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

অন্যদিকে, বিকল্প সড়ক টেকনাফ-কক্সবাজার মেরিন ড্রাইভের কলাতলি নামক এলাকার একটি কালভার্ট ও সড়ক ভেঙে যাওয়ায় এ রাস্তা দিয়েও যান চলাচল করতে পারছে না। ভারী বর্ষণের কারণে সড়কের মেরামত কাজ করাও সম্ভব হচ্ছে না। এতে করে উখিয়া ও টেকনাফ উপজেলার প্রায় সাড়ে চার লাখ মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছে।

আজ শনিবার ট্রাকভর্তি পান নিয়ে আটকে পড়া ব্যবসায়ী আব্দুস সালাম প্রথম আলোকে বলেন, সড়ক যোগাযোগ বন্ধ থাকায় পানে পচন ধরেছে।

টেকনাফ বন্দরের ব্যবস্থাপক (অপারেশন) আবু নূর খালিদ বলেন, টেকনাফ স্থলবন্দর থেকে হিমায়িত মাছ, কাঠসহ বিভিন্ন ধরনের পণ্য নিয়ে বন্দর থেকে ছেড়ে যাওয়া ২০-২৫টি ট্রাক আটকা পড়েছে। এ কারণে গতকাল থেকে কোনো পণ্যবাহী গাড়ি ছেড়ে যায়নি।