ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কক্সবাজারের মহেশখালী উপজেলার গোরকঘাটা-শাপলাপুর ও জনতাবাজার সড়কের মাঝখানে তিনটি বিকল্প সড়ক ভেঙে গেছে। এ কারণে গত সোমবার থেকে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন আছে।
গতকাল বুধবার সরেজমিনে দেখা গেছে, গোরকঘাটা-শাপলাপুর ও জনতাবাজার সড়কের ছোট মহেশখালী, মুরুংঘোনা ও হরিয়ারছড়ায় নির্মাণাধীন তিনটি সেতুর পাশের বিকল্প সড়ক ভাঙা। এ কারণে ওই তিনটি স্থানে গাড়ি পরিবর্তন করে স্থানীয়রা যাতায়াত করছে। এ ছাড়া শাপলাপুর ইউনিয়নের ষাইটমারা, জেমঘাটের দক্ষিণ এলাকা, বারিয়ারপাড়া ও কায়দাবাদ সড়কের বিভিন্ন স্থান ভেঙে গিয়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। এর ওপর দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) মহেশখালী সূত্রে জানা যায়, প্রায় চার মাস আগে তিনটি সেতু নির্মাণ করার জন্য প্রায় ১ কোটি ৮০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। মার্চে ওই কাজ শুরু হওয়ার কথা থাকলেও কাজ শুরু হয় মে মাসে।
শাপলাপুর ইউনিয়নের জেমঘাট এলাকার বাসিন্দা ওচমান গণি বলেন, দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার যথাসময়ে কাজ শুরু করেননি। এক মাস আগে ওই সেতুর নির্মাণকাজ শুরু করে ঠিকাদার। তখন যাতায়াতের জন্য পাশে বিকল্প সড়ক নির্মাণ করা হয়। এখন ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ওই সড়কগুলো ভেঙে গেছে।
গোরকঘাটার পুটিবিলার সিএনজিচালক আনসার হোসেন বলেন, তিন দিন ধরে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন থাকলেও তা চালু করার ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো উদ্যোগ নিচ্ছে না।
নির্মাণকাজের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার দিদারুল আলম বলেন, ‘সেতুর নির্মাণকাজ যথাসময়েই শুরু হয়েছে। তবে শুরু করার আগেই জনগণের সুবিধার জন্য বিকল্প সড়ক নির্মাণ করি। কিন্তু পাহাড়ি ঢলের কারণে ওই বিকল্প সড়ক রক্ষা করা সম্ভব হচ্ছে না।’
এলজিইডির উপজেলা প্রকৌশলী মোহাম্মদ মোশাররেফ হোসেন বলেন, বিকল্প সড়কগুলো আবারও সংস্কার করে দেওয়ার জন্য সংশ্লিষ্ট ঠিকাদারকে নির্দেশ দেওয়া হয়েছে।
মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নোমান হোসেন বলেন, জরুরি ভিত্তিতে সড়ক চালু করার জন্য উপজেলা প্রকৌশলীকে বলা হয়েছে।