তিন দিন ধরে সরাসরি বাস চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইল ও যশোরের বাস-মিনিবাস মালিক সমিতি এবার নিজেদের স্বার্থ রক্ষার জন্য নড়াইল-যশোর সড়কে সরাসরি বাস চলাচল বন্ধ করে দিয়েছে। গত রোববার থেকে এ অবস্থা অব্যাহত রয়েছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, যশোর-কালনা ভায়া নড়াইল সড়কে নড়াইল বাস মালিক সমিতি, যশোরের আইডিবিএস (আন্তজেলা বাস সিন্ডিকেট) ও যশোর মিনিবাস মালিক সমিতির ১৪০টি গাড়ি চলাচল করে। এর মধ্যে আইডিবিএসের ৭২টি, যশোর মিনিবাস মালিক সমিতির ৩৭টি ও নড়াইল সমিতির ৩১টি। গতকাল মঙ্গলবার দুপুরে সরেজমিনে দেখা গেছে, যশোরের গাড়িগুলো ভাঙ্গুড়া পর্যন্ত এবং নড়াইলের গাড়িগুলো গাবতলা পর্যন্ত চালু রেখেছে। এর মধ্যে বাকি দুই কিলোমিটার সড়ক নো ম্যানস ল্যান্ড হিসেবে ব্যবহূত হওয়ায় আলমসাধু ও নসিমন-করিমনচালকেরা দখল করে নিয়ে যাত্রীসাধারণের কাছ থেকে নির্ধারিত ভাড়া দুই টাকার পরিবর্তে পাঁচ টাকা করে আদায় করছে। যশোরের ঝুমঝুমপুর এলাকার ব্যবসায়ী রমজান আলী বলেন, ‘তিন মালিক সমিতির স্বার্থ ও জেদাজেদির কারণে আমাদের ভোগান্তি হচ্ছে। বাড়তি টাকাও খরচ হচ্ছে।’নড়াইল বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন বলেন, ‘যশোর-কালনা সড়কে নড়াইল সমিতির ৩১টি গাড়ি রোটেশন করা আছে। এর মধ্যে মাত্র ১০ থেকে ১২টি গাড়ি চলাচলের জন্য ট্রিপ পায়। যশোর মালিক সমিতি ও আইডিবিএসের কর্মকর্তাদের নিয়ন্ত্রণের কারণে বেশির ভাগ গাড়ি বসে থাকে। যশোরের গাড়িগুলো নড়াইলের বিভিন্ন উপজেলার পথে চলাচলের সুযোগ পেলেও নড়াইল সমিতির কোনো গাড়ি যশোরের কোনো উপজেলায় চলাচল করতে দেওয়া হয় না। এ বৈষম্য দূর করার জন্য যশোরের কর্মকর্তাদের অনেকবার অনুরোধ করেও কোনো কাজ হয়নি। এ কারণে ন্যায়সংগত দাবি আদায়ে আমাদের গাড়িগুলো আমাদের জেলার সীমানা পর্যন্ত চলাচল করছে। যশোর মালিক সমিতিও তাদের জেলার সীমানা পর্যন্ত গাড়ি চলাচল অব্যাহত রেখেছে।’ যশোর বাস-মিনিবাস মালিক সমিতির যুগ্ম সম্পাদক অসীম কুণ্ডু বলেন, ট্রিপ ভাগাভাগিসহ সব বিষয়ে দুই জেলার সমিতির বৈঠক করারও দিনক্ষণ ধার্য হয়। কিন্তু দুটি সম্প্রদায়ের বড় উৎসবের কারণে সে বৈঠক হয়নি। এরই মধ্যে নড়াইল সমিতি কোনো কিছু না জানিয়ে গত রোববার থেকে বাস চলাচল বন্ধ করে দেয়। আন্তজেলা বাস সিন্ডিকেটের সাধারণ সম্পাদক পবিত্র কাপুড়িয়া বলেন, যশোর আইডিবিএস পায় ৪৯টি ট্রিপ, যশোর মিনিবাস মালিক সমিতি পায় ৩৭টি ট্রিপ ও নড়াইল বাস মালিক সমিতি পায় ২৭টি ট্রিপ। নড়াইল মালিক সমিতির বেশি গাড়ি না থাকায় তারা তাদের প্রাপ্য ট্রিপ ঠিকমতো চালাতে পারে না। সর্বোচ্চ ১২ থেকে ১৫টি ট্রিপ পর্যন্ত চালাতে পারে। এর পরও তাদের ট্রিপ বাড়ানোর দাবির পরিপ্রেক্ষিতে বৈঠক ডাকা হলে সে বৈঠকে উপস্থিত না হয়ে হঠাৎ করে গাড়ি চলাচল বন্ধ করে দেয়। বিষয়টি নড়াইল জেলা প্রশাসকসহ পুলিশ সুপারকেও অবগত করা হয়েছে। জেলা প্রশাসক মো. জহুরুল হক প্রথম আলোকে বলেন, জনগণকে ভোগান্তি থেকে রক্ষার জন্য অচলাবস্থা নিরসনের জন্য জরুরিভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে।