তিন দিন ধরে স্বর্ণ ব্যবসায়ী নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে তিন দিন ধরে নিখোঁজ রয়েছেন স্বর্ণ ব্যবসায়ী পলাশ ধর (৩৮)। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে নগরের চকবাজার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
নগরের চকবাজার ধনিয়ারপুল এলাকায় নিউ এস এন জুয়েলার্স নামের একটি দোকান রয়েছে পলাশের।
পলাশের ভাই শিমুল ধর প্রথম আলোকে জানান, ১২ মে বিকেল পাঁচটায় মেয়ের ওষুধ আনতে চট্টগ্রাম থেকে নোয়াখালী যান পলাশ। রাত নয়টা ৩৬ মিনিটে তাঁর সঙ্গে মুঠোফোনে সর্বশেষ কথা হয়। এর পর থেকে তাঁর সঙ্গে আর যোগাযোগ করা যাচ্ছে না। তিনি জীবিত কি মৃত, তাও জানতে পারছেন না পরিবারের সদস্যরা। পরিবার-পরিজন নিয়ে ধনিয়ারপুল এলাকায় বসবাস করতেন পলাশ।
জানতে চাইলে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিক আহমেদ চৌধুরী বলেন, নোয়াখালী পৌঁছার পর পলাশের সঙ্গে পরিবারের যোগাযোগ হয়। তার পর থেকে যোগাযোগ বন্ধ হয়ে যায়। নোয়াখালী পুলিশের সঙ্গে যোগাযোগ করে তদন্ত চলছে।