তিন দিন পর আসামি ঢাকা থেকে গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে ঘুমন্ত অবস্থায় মা-মেয়েকে অ্যাসিডে ঝলসে দেওয়া মামলার একমাত্র আসামিকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার তিন দিন পর গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজধানীর রূপনগর থেকে তাঁকে গ্রেপ্তার করে চট্টগ্রামের কোতোয়ালি থানা–পুলিশ। আসামি অটোরিকশাচালক মো. জাহাঙ্গীর অ্যাসিডে দগ্ধ হওয়া শেলী আক্তারের সাবেক স্বামী।
কোতোয়ালি থানার ওসি জসিম উদ্দিন বলেন, ঘটনার পর জাহাঙ্গীরের রংপুরের গ্রামের বাড়িতে অভিযান চালানো হয়। তাঁর পরিবারের সদস্যদের কাছ থেকে জানা যায়, জাহাঙ্গীর চট্টগ্রাম থেকে পালিয়ে প্রথমে রংপুরে যান। পরে ঢাকায় যান। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে রূপনগর থেকে জাহাঙ্গীরকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারের পর পুলিশের একটি দল জাহাঙ্গীরকে নিয়ে চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়েছে। শুক্রবার (আজ) তাঁকে চট্টগ্রাম আদালতে তোলা হবে বলে জানান ওসি।
গত সোমবার ভোরে চট্টগ্রাম নগরের পলোগ্রাউন্ড এলাকায় একটি বস্তিতে ঘুমন্ত অবস্থায় অ্যাসিডে দগ্ধ হন শেলী আক্তার (২২) ও তাঁর মা হোসনে আরা বেগম (৫৫)। শেলীর মুখসহ শরীরের ১৫ শতাংশ এবং তাঁর মায়ের শরীরের ১০ শতাংশ পুড়ে গেছে।
মা-মেয়ের চিকিৎসা চলছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে। গতকাল বিকেলে বার্ন ইউনিটের সহকারী অধ্যাপক মোহাম্মদ এস খালেদ প্রথম আলোকে বলেন, দুজনের অবস্থা স্থিতিশীল রয়েছে। শেলী স্বাভাবিকভাবে খেতে পারছেন। তবে ক্ষত শুকাতে কিছুটা সময় লাগবে। এরপর অস্ত্রোপচারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
অ্যাসিডদগ্ধ মা-মেয়ে দুজনের চিকিৎসা, আইনি সহায়তা ও পুনর্বাসনে পাশে থাকার ঘোষণা দিয়েছে প্রথম আলো। ইতিমধ্যে তাঁদের চিকিৎসার খরচ দেওয়া শুরু করেছে প্রথম আলো। চিকিৎসার প্রাথমিক খরচ গত বুধবার শেলীর বড় ভাই মো. শামীমের হাতে তুলে দেওয়া হয়েছে। দুজনের চিকিৎসার ব্যয় অ্যাসিডদগ্ধ নারীদের জন্য প্রথম আলোর সহায়তা তহবিল থেকে দেওয়া হচ্ছে।
বছর পাঁচেক আগে জাহাঙ্গীরের সঙ্গে শেলীর বিয়ে হয়। পরিবারের সদস্যদের অভিযোগ, বিয়ের কিছুদিন পর থেকেই শেলীর ওপর নির্যাতন শুরু করেন জাহাঙ্গীর। দিন দিন এর মাত্রা বাড়তে থাকে। বছর খানেক আগে স্বামীকে তালাক দিয়ে মায়ের সঙ্গে থাকতে শুরু করেন শেলী।