তিন দিন পর খুলল উড়ালসড়কের সোনারগাঁও অংশ

মগবাজার-মৌচাক সমন্বিত উড়ালসড়কের (ফ্লাইওভার) হাতিরঝিল-সোনারগাঁও হোটেল (কারওয়ান বাজার) অংশটি তিন দিন বন্ধ রাখার পর আজ রোববার খুলে দেওয়া হয়েছে। হাতিরঝিল প্রকল্পের কাজের জন্য ওই অংশ বন্ধ রাখা হয়েছিল।
আজ দুপুরে উড়ালসড়ক এলাকায় গিয়ে দেখা যায়, হাতিরঝিল প্রান্তে বসানো দুটি বক্স ব্যারিকেড ও বাঁশ সরিয়ে নেওয়া হয়েছে। গতকাল শনিবার দুপুরে দিনের বেলায় সবগুলো বাতি জ্বালিয়ে রাখা হয়েছিল। তবে আজ বিকেল পাঁচটার দিকে আলো নেভানো ছিল।
উড়ালসড়কের প্রকল্প পরিচালক স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তত্ত্বাবধায়ক প্রকৌশলী সুশান্ত কুমার পাল প্রথম আলোকে বলেন, জরুরি কাজ শেষে উড়ালসড়ক খুলে দেওয়া হয়েছে। ভবিষ্যতে প্রয়োজন হলে আগাম ঘোষণা দিয়ে বন্ধ করা হবে। আকাশ মেঘলা থাকলে বাতিগুলো স্বয়ংক্রিয়ভাবে জ্বলে ওঠে। তবে আজ আকাশ কিছুটা পরিষ্কার ছিল। অবশ্য বাতি জ্বলার অটো ব্যবস্থাও বন্ধ রাখা হয়েছে।
আজ উড়ালসড়ক খুলে দেওয়া হলেও সোনারগাঁও প্রান্তে যথারীতি যানজট হয়। বিকেল সোয়া পাঁচটার দিকে দেখা যায়, সোনারগাঁও প্রান্ত থেকে উড়ালসড়কের ওপরে শতাধিক যানবাহন। পশ্চিমদিকেও সোনারগাঁও সিগনাল পর্যন্ত যানজট।
সিগনালে সবুজ বাতি জ্বলার পরও যানজট খুলছিল না। কারণ যেসব গাড়ি বাংলাদেশ পাটকল সংস্থা (বিটিএমসি) কার্যালয়ের পাশ দিয়ে কারওয়ান বাজার যাবে, সেগুলো ঢুকতে পারছিল না। প্রায় আধ ঘণ্টা পর সে জট খুলে।