চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলার তিন দিন পর আদালতে মামলা হয়েছে। মামলায় রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ২৬ নেতা-কর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আ স ম শহীদুল্লাহ কায়সারের আদালতে মামলাটি করেন বিএনপিপন্থী এক আইনজীবী।
আদালত বাদীর বক্তব্য শোনার পর তাৎক্ষণিক কোনো আদেশ দেননি। পরে বিকেলে দ্রুত বিচার আইনে করা এ মামলাটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চট্টগ্রামকে নির্দেশ দেন। মামলার বাদী চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক। তিনি বলেন, ঘটনার ভিডিও ফুটেজ দেখে কিছু আসামিকে শনাক্ত করা গেছে। বাকিদের নাম স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানতে পেরেছেন তাঁরা।
পাহাড়ধসে রাঙামাটির ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাওয়ার পথে গত রোববার রাঙ্গুনিয়া উপজেলার ইছাখালী বাজারে বিএনপির মহাসচিবের গাড়িবহরে হামলা হয়।
মামলায় অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে রয়েছেন রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের সভাপতি শামসুজ্জোহা সিকদার, সাধারণ সম্পাদক মো. ইউনুস, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শিমুল গুপ্ত প্রমুখ। অবশ্য হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. ইউনুস মুঠোফোনে বলেন, হামলার সময় তাঁরা উত্তর রাঙ্গুনিয়ায় ত্রাণবিতরণ কার্যক্রমে অংশ নিয়েছিলেন।
বাদীর আইনজীবী আবদুস সাত্তার বলেন, অভিযোগ আমলে নিয়ে ২৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে তাঁরা আদালতকে অনুরোধ করেন। পরে আদালত আগামী ১৮ জুলাইয়ের মধ্যে এ-সংক্রান্ত তদন্ত প্রতিবেদন দিতে পিবিআইকে নির্দেশ দিয়েছেন।