তিন দিন পর পোশাকশ্রমিকের লাশউদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় নিখোঁজ হওয়ার তিন দিন পর গতকাল রোববার একটি খাল থেকে এক পোশাকশ্রমিকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত নাজিম উদ্দিন বন্দরের কলাবাগ এলাকার আজিজুর রহমানের ছেলে। তিনি ফতুল্লার রামারবাগ এলাকায় অবস্থিত মেট্রো গার্মেন্টস কারখানায় কাজ করতেন।

নাজিমের চাচা শামসুল হক সাংবাদিকদের জানান, গত বৃহস্পতিবার বন্দর কলাবাগ এলাকায় তাঁর ছেলে রাজীবের গায়ে হলুদের অনুষ্ঠান থেকে নাজিমকে একই এলাকার ফারুক ডেকে নিয়ে যান। এর পর থেকে নাজিম নিখোঁজ। গতকাল দুপুরে শাহী মসজিদ এলাকার একটি খালে তাঁর লাশ পাওয়া যায়। লাশ উদ্ধারের পর হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এলাকার লোকজন ফারুককে আটক করে পুলিশে সোপর্দ করে।

শামসুল বলেন, ‘কিছুদিন আগে ক্রিকেট খেলা নিয়ে একই এলাকার ফারুক ও রকির সঙ্গে নাজিমের ঝগড়া হয়। আমাদের ধারণা, ওই ঘটনার জের ধরে ফারুকই নাজিমকে হত্যা করেছে।’

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বন্দর থানার ওসি আকতারুজ্জামান।