তিন দিন পর বিকল্প ব্যবস্থায় পানি সরবরাহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের একমাত্র পানির পাম্পটি গত বৃহস্পতিবার বিকল হয়ে পড়ে। এরপর টানা তিন দিন ওই হাসপাতালে পানি ছিল না। ফলে বিভিন্ন বিভাগে অস্ত্রোপচারও বন্ধ ছিল।
গতকাল রোববার সকাল সাড়ে ১০টায় বিকল্প ব্যবস্থায় তিনটি সাবমারসিবল পাম্প বসিয়ে পানির ব্যবস্থা করা হয়। এরপর অস্ত্রোপচার কক্ষ চালু হয়। একই সঙ্গে বিভিন্ন ওয়ার্ডে পানি সরবরাহ নিশ্চিত করা হয়। তবে স্থায়ী পাম্প স্থাপন করা না হলে পুনরায় পানি নিয়ে ভোগান্তিতে পড়ার আশঙ্কা রয়েছে রোগীদের।
হাসপাতালের অন্তত ১০ জন রোগী জানান, গত বৃহস্পতিবার ভোরে পানির লাইন দিয়ে প্রথমে বালু আসা শুরু হয়। এর পাঁচ মিনিট পর পানি সরবরাহ একেবারে বন্ধ হয়ে যায়। পরে হাসপাতাল কর্তৃপক্ষ গণপূর্ত অধিদপ্তরের প্রকৌশলীদের ডেকে আনেন। এরপর তাঁরা পাম্প খুলে দেখেন, পাইপের নিচে থাকা ফিল্টার নষ্ট হয়ে গেছে। পাইপ ফেটে গেছে। গত চার দিনে কয়েক দফা চেষ্টা করেও ওই পাম্প মেরামত করা যায়নি। পাম্পটি বহু আগে স্থাপন করা হয়েছিল।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক সার্জন মো. আবদুল আউয়াল বলেন, ‘হাসপাতালের একমাত্র পানির পাম্পের নিচের পাইপ ও ফিল্টার নষ্ট হয়ে যাওয়ায় বৃহস্পতিবার থেকে পানি সরবরাহ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। এতে হাসপাতালের ৮২৪ জন রোগী ও তাঁদের স্বজনদের চরম ভোগান্তি পোহাতে হয়। আমরা বিকল্প ব্যবস্থায় পানি সরবরাহ করেছি। ভবিষ্যতে একাধিক স্থায়ী পাম্প স্থাপন করা হবে। ’ তিনি আরও বলেন, পানি আসার পর গতকাল অস্ত্রোপচার শুরু হয়েছে। এর আগে তিন দিন পানির অভাবে অস্ত্রোপচার বন্ধ ছিল।