কক্সবাজারের পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহাবউদ্দিন ফরায়েজির লাশ উদ্ধারের তিন দিন পর গতকাল শনিবার রাতে হত্যা মামলা হয়েছে।
সাহাবউদ্দিন ফরায়েজির ছেলে মেহেদি হাসান ফরায়েজি ১৭ জনের নাম উল্লেখ করে এই মামলা করেন।
লাশ উদ্ধারের পর আটক ১৮ জনের মধ্যে পাঁচজনকে হত্যা মামলার আসামি করা হয়। তাঁরা হলেন জসিম উদ্দিন, শামরুখ বেগম, নেজামত উল্লাহ, মাহমুদুল করিম ও জাফর আলম।
মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন টৈটং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোসলেম উদ্দিন, প্যানেল চেয়ারম্যান ও টৈটং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন, টৈটং ইউপি সদস্য ও ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি আবদুল জলিল, টৈটং ইউনিয়নের শের আলী মাস্টারপাড়ার রেজাউল করিম ওরফে ভাইজান, গুদিকাটার দেলোয়ার হোসেন ওরফে দেলু খলিফা।
৭ অক্টোবর উপজেলার টৈটং ইউনিয়নের বটতলী ছড়া থেকে সাহাবউদ্দিনের লাশ উদ্ধার করা হয়। এরপর পুলিশ ১৮ জনকে আটক করে। এর মধ্যে পাঁচজনকে হত্যা মামলার আসামি করা হয়। গতকাল তাঁদের আদালতে হাজির করা হয়। আদালত জামিন নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
পুলিশ জানায়, আটক বাকি ১৩ জনের বিরুদ্ধে নাশকতার চেষ্টার অভিযোগে গতকাল মামলা করেছেন পেকুয়া থানার উপপরিদর্শক (এসআই) নাজির হোসেন। গতকাল তাঁদেরও আদালতে হাজির করা হয়। আদালত তাঁদের জামিনও নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
কক্সবাজারের সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল-চকরিয়া) মো. মাসুদ আলম মামলার সত্যতা নিশ্চিত করেছেন।