রাজধানীর পশ্চিম আগারগাঁওয়ে ৪১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের নেতা জাহাঙ্গীর আলম হত্যাকাণ্ডের তিন দিন পর গতকাল মঙ্গলবার পুলিশ এ ঘটনায় মামলা করেছে। শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) দুরুল হুদা বাদী হয়ে এ মামলা করেন। তবে এ ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি।
শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহ. আবদুল মমীন প্রথম আলোকে বলেন, মামলায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে পুলিশ নিশ্চিত হতে পারেনি। এই হত্যার সঙ্গে জড়িত অভিযোগে কাউকে গ্রেপ্তার করা যায়নি।
তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধারণা, কোরবানির পশুর হাটের ইজারা, এলাকার আধিপত্য বিস্তারসহ রাজনৈতিক একাধিক কারণে ওয়ার্ড আওয়ামী লীগের সম্ভাব্য সভাপতি পদপ্রার্থী জাহাঙ্গীর আলম খুন হয়েছেন।
গত শনিবার রাতে পশ্চিম আগারগাঁওয়ের বাসার ফটকে গাড়ি থেকে নামার সময় অস্ত্রধারী দুই যুবক জাহাঙ্গীরকে গুলি করে হত্যা করে। মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত তাঁর শ্বশুর নূর মোহাম্মদ ওরফে নূর হাজি ২০১১ সালে নিখোঁজ হন।