তিন দিন পর মেঘনায় নিখোঁজ প্রবাসীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর মেঘনা নদীতে নিখোঁজ হওয়ার তিন দিন পর মো. বদিউজ্জামান ওরফে সাগর নামের এক যুক্তরাষ্ট্রপ্রবাসীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গত রোববার বিকেলে তিনি বন্ধুদের সঙ্গে নৌভ্রমণে গিয়ে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন।

আজ বুধবার সকাল সাতটার দিকে উপজেলার করিমপুর বাউশিয়া এলাকায় মৃতদেহ ভেসে উঠলে স্থানীয় লোকজনের সহযোগিতায় সেটি উদ্ধার করে পুলিশ। বদিউজ্জামান কিশোরগঞ্জের ভৈরব উপজেলার রাধানগর গ্রামের মো. মনিরুজ্জামানের ছেলে। 

গত রোববার নিখোঁজ হওয়ার ওই ঘটনায় স্থানীয় লোকজন বদিউজ্জামানের তিন বন্ধু ও নৌকার মাঝিকে আটক করে পুলিশে সোপর্দ করেন। এ ঘটনায় গতকাল মঙ্গলবার বদিউজ্জামানের বোন সুমনা আক্তার বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। মামলার পর আটক হওয়া লোকজনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

বদিউজ্জামানের পরিবারের সদস্য ও পুলিশের দেওয়া তথ্যমতে, তিন বছর আগে ডিবি লটারি পেয়ে যুক্তরাষ্ট্রে যান বদিউজ্জামান। গত বছরের ৮ ডিসেম্বর আড়াই মাসের ছুটিতে দেশে আসেন তিনি। ১০ ফেব্রুয়ারি তাঁর যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল।

সুমনা আক্তার বলেন, ‘ভাইয়া সাঁতার জানে। তার পরও কেন নৌকায় উঠতে পারল না, বিষয়টি রহস্যজনক বলে মনে হয়েছে। তাই মামলা করেছি।’

নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, মামলা দায়েরের পর গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদে ঘটনাটি দুর্ঘটনা বলেই মনে হয়েছে। এর পরও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর ঘটনাটি হত্যা না দুর্ঘটনা, তা নিশ্চিত করা যাবে।