তিন দিন পর রুমমেটকে গ্রেপ্তার দেখাল পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোতালেব হোসেন ওরফে লিপু হত্যার ঘটনায় তাঁর রুমমেট মনিরুল ইসলামকে টানা তিন দিন আটক রাখার পর অবশেষে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। তদন্তকারীরা বলেছেন, হত্যার ঘটনায় মনিরুলের প্রাথমিক সংশ্লিষ্টতা পাওয়া গেছে।
তিন দিন ধরে পুলিশি হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের পর গতকাল রোববার সকালে উদ্ভিদবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মনিরুলকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তাঁর বাড়ি রাজশাহীর তানোর উপজেলায়। তিনি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মোতালেবের সঙ্গে নবাব আবদুল লতিফ হলের ২৫৩ নম্বর কক্ষে থাকতেন।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও জ্যেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার ইফতে খায়ের আলম বলেন, মোতালেব হত্যায় মনিরুলের প্রাথমিক সংশ্লিষ্টতা পাওয়া গেছে। তদন্তকাজ এগিয়ে চলছে। তদন্তে বিষয়টি আরও পরিষ্কার হবে।
তদন্ত-সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা বলেন, জিজ্ঞাসাবাদে মনিরুলের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এর সূত্র ধরে গত শুক্রবার রাতে হল থেকে তাঁর ল্যাপটপ ও একটি নষ্ট মুঠোফোন উদ্ধার করা হয়েছে। এতে একটি সিম আছে। হত্যাকাণ্ডের দিন ওই কক্ষ থেকে একটি ছেঁড়া তাবিজ উদ্ধার করে পুলিশ। সেটি ব্যবহার করতেন মোতালেব। এ ছাড়া তাঁর ডান পায়ের স্যান্ডেল কক্ষের ভেতরে এবং বাঁ পায়েরটা বাইরে পাওয়া যায়। আর কক্ষের সামনে দুই জোড়া নতুন জুতা পাওয়া যায়। কক্ষে কোনো ধস্তাধস্তির ঘটনা ঘটেছিল কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ।
তদন্ত-সংশ্লিষ্ট সূত্র জানায়, নবাব আবদুল লতিফ হলে বেশ কয়েকটি সিসি ক্যামেরা রয়েছে। সেই সব ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে বুধবার রাতে হলে যাতায়াতকারী ব্যক্তিদের গতিবিধি বিশ্লেষণ করা হচ্ছে।
গত বৃহস্পতিবার সকালে নবাব আবদুল লতিফ হলের ডাইনিংয়ের পাশের ড্রেন থেকে শিক্ষার্থী মোতালেবের লাশ উদ্ধার করা হয়। ওই দিন তাঁর চাচা বশির উদ্দিন বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে নগরের মতিহার থানায় হত্যা মামলা করেন। লাশ উদ্ধারের পরপর মনিরুলসহ চারজনকে থানা হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে মনিরুল ছাড়া অন্য তিনজনকে ছেড়ে দেওয়া হয়।
বন্ধু প্রদীপ কুমার বিশ্বাস জানান, ১৮ অক্টোবর সন্ধ্যায় মোতালেব পূজার ছুটি শেষে বাড়ি থেকে বিশ্ববিদ্যালয়ে আসেন। তাঁর মুঠোফোনটি নষ্ট থাকায় প্রদীপের ফোনে নিজের সিম ভরে ব্যবহার করতেন তিনি। প্রদীপ বলেন, তাঁর জানামতে ওই দিন এবং পরদিন একবার করে শুধু নিজের বাড়িতে কথা বলেন মোতালেব।
শোক র্যা লি ও মানববন্ধন: এদিকে মোতালেব হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবিতে শোক র্যা লি ও মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ। শোক র্যা লিটি গতকাল সকাল সাড়ে ১০টার দিকে বিভাগের সামনে থেকে বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে বিভাগের সামনে এসে মানববন্ধনে মিলিত হয়। এতে বিভাগের সভাপতি প্রদীপ কুমার পাণ্ডে বলেন, ‘তিন দিনেও আমরা কোনো অগ্রগতি দেখতে পাইনি। আগামী ৩১ অক্টোবরের মধ্যে তদন্তে যদি দৃশ্যমান কোনো অগ্রগতি দেখতে না পাই, তাহলে বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করব।’
বিভাগের সহযোগী অধ্যাপক সেলিম রেজা নিউটন বলেন, ‘একের পর এক হত্যা করা হচ্ছে, যা আমাদের জন্য শুভকর নয়। ক্যাম্পাসের ভেতরে পুলিশের অনেক ফাঁড়ি আছে, পুলিশ প্রশাসন, বিশ্ববিদ্যালয় প্রশাসন আছে। কিন্তু সেখান থেকে একটা মানুষকে খুন করে ফেলা হলো, আমরা কেউ কিচ্ছু জানব না, এটা মেনে নেওয়া যায় না।’