অবৈধভাবে মালয়েশিয়ায় যাওয়ার সময় বঙ্গোপসাগরে বিকল হয়ে পড়ে ট্রলার। তিন দিন ভাসতে থাকে গভীর সমুদ্রে। শেষ হয়ে যায় খাবার ও পানি। গত বুধবার রাতে ওই ট্রলারের ৪৬ জন যাত্রীকে উদ্ধার করে নৌবাহিনী। পরে তাঁদের কোস্টগার্ডের মাধ্যমে টেকনাফ থানায় সোপর্দ করা হয়।আটক ব্যক্তিদের মধ্যে ৪১ জন কক্সবাজারের টেকনাফ উপজেলার বাসিন্দা। বাকি পাঁচজন মিয়ানমারের নাগরিক। এঁদের মধ্যে টেকনাফের রবিন চাকমা ও আবু তৈয়ব বলেন, মালয়েশিয়ায় পাঠানোর কথা বলে টেকনাফের সাবরাংয়ের নুরুল আলম ও মো. ইলিয়াস তাঁদের কাছ থেকে ২০-৩০ হাজার টাকা করে নেন। শনিবার রাতে টেকনাফের মুন্ডার ডেইল ঘাট থেকে তাঁদের একটি ট্রলারে তোলা হয়। বলা হয়, সাগরে অপেক্ষমাণ মালয়েশিয়াগামী একটি জাহাজে তাঁদের ওঠানো হবে। কিন্তু রোববার হঠাৎ করে ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এরপর দুই দিন ধরে ট্রলারসহ সাগরে ভাসছিলেন। বুধবার রাত ১০টার দিকে নৌবাহিনীর একটি জাহাজ তাঁদের উদ্ধার করে সেন্ট মার্টিনে নিয়ে আসে। পরে কোস্টগার্ডের কাছে হস্তান্তর করা হয়।ট্রলার উদ্ধারকারী নৌবাহিনীর টহল জাহাজ বিএন শহীদ রুহুল আমিনের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, বুধবার রাতে নিয়মিত টহল প্রদানকালে সেন্ট মার্টিনের দক্ষিণ-পশ্চিমে ১০ নটিক্যাল মাইল দূরে গভীর বঙ্গোপসাগরে তাঁরা একটি ট্রলার ভাসতে দেখেন। কাছে গিয়ে দেখেন, ট্রলারের যাত্রীরা কান্নাকাটি করছেন। তাঁদের উদ্ধারের পর জিজ্ঞাসাবাদে জানান, দালাল চক্রের খপ্পরে পড়ে সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়ায় যাওয়ার সময় ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে যায়। কোস্টগার্ড টেকনাফ স্টেশনের লেফটেন্যান্ট এম বদরুদ্দোজা প্রথম আলোকে বলেন, নৌবাহিনী কর্তৃক আটক মালয়েশিয়াগামী ট্রলারসহ ৪৬ জনকে টেকনাফ থানায় সোপর্দ করে মামলা করা হয়েছে।