তিন দিন পরও জড়িতদের ধরতে পারেনি পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার চিত্রকোট ইউনিয়নের খালপাড়া গ্রামের মাছ ব্যবসায়ী রাজিব বেপারীকে (২২) গত বুধবার জবাই করে হত্যা করা হয়। গতকাল শনিবার পর্যন্ত এ ঘটনায় জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। সিরাজদিখান থানায় রাজিবের বাবা মরণ বেপারী একটি মামলা করেছেন। ব্যবসায়িক বিরোধে রাজিবকে হত্যা করা হতে পারে বলে ধারণা করছে পুলিশ।স্থানীয় সূত্রে জানা গেছে, রাজিব ও তাঁর বাবা মরণ বেপারী মাছের ব্যবসা করেন। রাজিব প্রতিরাতে নিজেদের মাছের ঘের পাহারা দিতে বাড়ি থেকে বের হতেন। গত বুধবারও রাতে রাজিব পাহারা বের হন। পরের দিন বৃহস্পতিবার সকালে খালপাড়া গ্রামের একটি খাল থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্ত শেষে গত বৃহস্পতিবার রাতে খালপাড়া কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়।সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুল আলম বলেন, রাজিবকে জবাই করে হত্যা করা হয়েছে। বাদী মামলায় সুনির্দিষ্ট কাউকে আসামি না করলেও ব্যবসা নিয়ে তাঁর ছেলের সঙ্গে প্রতিবেশী জনৈক জুন মিয়ার বিরোধ রয়েছে—এই সন্দেহের কথা উল্লেখ করেছেন। তাই হত্যাকাণ্ডের পেছনে তিনি জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। পুলিশ তাঁকে বাড়িতে পায়নি। তিনি পলাতক। এ ঘটনার তদন্ত চলছে।বেওয়ারিশ হিসেবে দাফনমুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার ধামারণ গ্রামের একটি ডোবা থেকে পুলিশ গত রোববার এক যুবকের লাশ উদ্ধার করে। তাঁর পরিচয় পাওয়া যায়নি। গলায় বিদ্যুতের তার দিয়ে পেঁচানো ছিল। তাই ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা শ্বাস রোধ করে তাঁকে হত্যা করে সেখানে ফেলে রেখে গেছে। গত শুক্রবার এ ব্যাপারে টঙ্গীবাড়ী থানার ওসি আবদুল্লাহ জানান, ডোবার পাশে এক জোড়া স্যান্ডেল পাওয়া গেছে। লাশের কোনো পরিচয় পাওয়া যায়নি। ময়নাতদন্ত শেষে বেওয়ারিশ হিসেবে তাঁর লাশ দাফন করা হয়েছে।