তিন দিন পার হলেও মূল আসামি গ্রেপ্তার হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার কেরানীগঞ্জে কৃষক হত্যাকাণ্ডের তিন দিন পরও মূল আসামি আওয়ামী লীগের কর্মী মো. সেলিমকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। বালু তুলতে বাধা দেওয়ায় গত মঙ্গলবার সন্ত্রাসীদের গুলিতে উপজেলার পুরাতন সোনাকান্দায় ধলেশ্বরী নদীর ধারে কৃষক আলমাস আলী (৭০) নিহত হন। এ ঘটনায় ওই দিন রাতেই ট্রলারচালক শফিকুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ জানায়, গত মঙ্গলবার রাতে নিহত আলমাসের ছেলে সরব আলী বাদী হয়ে মো. সেলিম, আলমগীর মিয়া, মো. মফিজউদ্দিন, শাখাওয়াত হোসেন, দেলোয়ার হোসেন, সাইফুল ইসলাম, মো. আজম, শফিকুল ইসলাম ও রুবেল মিয়াসহ আরও অজ্ঞাত চার-পাঁচজনকে আসামি করে একটি হত্যা মামলা করেন।উপজেলার রুহিতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ও নিহতের ভাতিজা মজিবর হোসেন জানান, অবৈধ বালু ব্যবসায়ী ও সন্ত্রাসী সেলিমসহ কয়েকজনের বিরুদ্ধে হত্যা মামলা করা হলে হত্যাকারীরা তাঁকে এবং তাঁর পরিবারের লোকজনকে মামলা ওঠানোর জন্য বিভিন্নভাবে হুমকি দিচ্ছে।মামলার বাদী সরব আলী জানান, বাবা হত্যাকাণ্ডের তিন দিন অতিবাহিত হলেও পুলিশ মূল আসামি সেলিমকে গ্রেপ্তার করতে পারেনি। তিনি অভিযোগ করে বলেন, আসামিরা এলাকায় ঘুরে বেড়াচ্ছে। কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাঈনউদ্দিন খান বলেন, হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ট্রলারচালক শফিকুলকে দুই দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। তিনি আরও বলেন, নিহত পরিবারের পক্ষ থেকে যেসব অভিযোগ করা হয়েছে, সেটা সঠিক নয়।