তিন দিন বৃষ্টি নেই, তবু পানির নিচে নোয়াখালী জেলা শহর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন দিন ধরে বৃষ্টি নেই। তার পরও বৃষ্টির পানিতে ডুবে আছে নোয়াখালী জেলা শহর। পর্যাপ্ত নিষ্কাশন-ব্যবস্থার অভাবে পানি সরছে না বলে জানা গেছে। এ অবস্থায় শহরবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।এর আগে কয়েক দিনের টানা বৃষ্টিতে মাইজদী শহরে ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছিল। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়ক, জেলা জজ আদালতের সামনের সড়কসহ শহরের বিভিন্ন সড়ক গতকাল মঙ্গলবার ছিল পানির নিচে। জানা গেছে, ১৭ দশমিক ১১ বর্গকিলোমিটার আয়তনের নোয়াখালী পৌরসভার পানি নিষ্কাশনের জন্য এ পর্যন্ত মাত্র ১০ কিলোমিটার নালা নির্মিত হয়েছে। আর খাল রয়েছে প্রায় ৩০ কিলোমিটার। কিন্তু পৌরসভার নির্মাণ করা বেশির ভাগ নালা ভরাট হয়ে আছে। কোনো কোনো স্থানে ভেঙে পড়েছে। আবার খালগুলোর অবস্থাও ভালো নয়। দীর্ঘদিন প্রয়োজনীয় সংস্কার না করায় বেশির ভাগ খাল নালায় পরিণত হয়েছে।সূত্র জানায়, নোয়াখালী পৌরসভা অনেক পুরোনো ‘প্রথম শ্রেণীর পৌরসভা’। কিন্তু এর উন্নয়নে সরকারি যে অর্থ বরাদ্দ পাওয়া যায়, তা মোটেও যথেষ্ট নয়। এ কারণে নিষ্কাশন নালাব্যবস্থার উন্নয়ন, সড়কের সংস্কারসহ অনেক কাজই করা যায় না। এতে সমস্যা যেমন বাড়ে, তেমনি বাড়ে নাগরিকদের দুর্ভোগ। তাই পৌরসভার উন্নয়নে সরকারের অতিরিক্ত অর্থ বরাদ্দের প্রয়োজন।গতকাল সকালে শহরের প্রাণকেন্দ্র জেলা প্রশাসকের কার্যালয়, জেলা রেজিস্ট্রারের কার্যালয়, সিভিল সার্জন, পুলিশ সুপারের কার্যালয়, শিল্পকলা একাডেমী, জজকোর্ট ও প্রেসক্লাবের সামনের রাস্তা পানিতে ডুবে ছিল। পাশের নালা ভরাট ও আবর্জনায় ভরে থাকায় পানি নামছে না। ফলে এসব দপ্তরে আসা লোকজনকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে।শহরের লক্ষ্মীনারায়ণপুর, হরিনারায়ণপুর, দত্তেরহাট, ফকিরপুর, ল ইয়ার্স কলোনি, সরকারি আবাসিক এলাকা ও স্টেডিয়াম এলাকারও একই অবস্থা। ওই সব এলাকার বিভিন্ন বাসা-বাড়ির আঙিনায় পানি জমে আছে।জেলা জজ আদালত থেকে বের হওয়ার পথে কথা হয় মো. করিম উল্লাহর (৪২) সঙ্গে। তিনি ক্ষোভ প্রকাশ করে প্রথম আলোকে বলেন, ‘এই শহরে কি নালা পরিষ্কার করার কোনো লোক নেই? সামান্য বৃষ্টিতে নালা ভরে যায়। পানিতে রাস্তা ডুবে গেছে।’শহরের ব্যবসায়ী রহমত উল্লাহ বলেন, ‘এমনিতে নালাব্যবস্থা অপরিকল্পিত। বেশির ভাগ নালাই সরু ও চিকন। সামান্য ময়লা-আবর্জনায় তা ভরাট হয়ে যায়। প্রধান সড়ক ও বিভিন্ন শাখা সড়কের পাশে থাকা নালাগুলো ঠিকমতো পরিষ্কার ও মেরামত করা হলে এত সমস্যা হতো না।’ দত্তেরহাট এলাকার আনোয়ার হোসেন জানান, যে যার মতো করে বাড়ি বানানোয় পানি নামার কোনো পথ নেই। দিন দিন সমস্যা আরও প্রকট হচ্ছে। পরিকল্পিত শহর গড়ে তুলতে পৌর কর্তৃপক্ষ আন্তরিক না হওয়ায় পানি নিষ্কাশনের পথগুলো ক্রমে হারিয়ে যাচ্ছে।নোয়াখালী পৌরসভার সহকারী প্রকৌশলী আবদুস সাত্তার বলেন, ‘পৌর এলাকায় পানি নিষ্কাশনের পর্যাপ্ত নালা নেই। নতুন করে আরও অন্তত ২০ কিলোমিটার নালা নির্মাণ ও আগেরগুলো সংস্কার করা প্রয়োজন।’মেয়র হারুনুর রশীদ প্রথম আলোকে বলেন, ‘শহরের নালাব্যবস্থার উন্নয়নে আমরা চেষ্টা করছি। কয়েক দিনের বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতা নিরসনে পৌরসভার কর্মীরা কাজ করছেন। এরই মধ্যে পরিস্থিতির অনেকটা উন্নতি হয়েছে।’