তিন দিনব্যাপী ইজতেমা শুরু
নীলফামারীতে তিন দিনব্যাপী জেলা ইজতেমা শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে ওই ইজতেমা শুরু হয়। সদরের সংগলসী ইউনিয়নের দারোয়ানী টেক্সটাইল মিল কলোনি মাঠে আয়োজিত এ ইজতেমা কাল শনিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে।
আয়োজকেরা বলেন, তিন দিনের এই ইজতেমায় দেশি-বিদেশি অনেক ইসলামি চিন্তাবিদ ও ঢাকার কাকরাইল মসজিদের মুরব্বিরা ইসলামের দিনের দাওয়াত, ধর্ম ও আখিরাত নিয়ে মূল্যবান বয়ান করবেন। দেশি-বিদেশি মুসল্লিদের সুবিধার্থে এসব বয়ান কয়েকটি ভাষায় তর্জমা করা হবে।
ইজতেমার আয়োজক কমিটির পক্ষে মো. রকিবুল আলম চৌধুরী ও তামজিদুল আলম বলেন, সৌদি আরব, ইন্দোনেশিয়া, কাতার, মালয়েশিয়াসহ পাঁচটি দেশের মেহমান ইজতেমায় উপস্থিত থেকে বয়ান করবেন।
ইজতেমায় মুসল্লিদের স্বাস্থ্যসেবার জন্য জেলা স্বাস্থ্য বিভাগের একটি মেডিকেল টিমের পাশাপাশি স্থানীয় একাধিক মেডিকেল টিম সার্বক্ষণিক স্বাস্থ্যসেবা দেবে।
সিভিল সার্জন আবদুর রশীদ বলেন, আগত মুসল্লিদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে একটি মেডিকেল টিম সেখানে সার্বক্ষণিক কাজ করবে। সেখানে বিনা মূল্যে ওষুধ সরবরাহসহ সব ব্যবস্থা নেওয়া হয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবুল আকতার বলেন, পুরো এলাকার নিরাপত্তায় পুলিশ ও নীলফামারী র্যা ব-১৩ সিপিসি-২ দায়িত্ব পালন করছে।