তিন দিনব্যাপী ইজতেমা শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশ, জাতি ও মানবতার কল্যাণে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে নেত্রকোনায় তিন দিনব্যাপী জেলা ইজতেমা গতকাল শনিবার শেষ হয়েছে। জেলা শহরের রাজুর বাজার মার্কাজ মসজিদের পাশে গজিনপুর এলাকায় গত বৃহস্পতিবার ইজতেমা শুরু হয়।
ইজতেমার শেষ দিন গতকাল বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার কাকরাইল মসজিদের মুরব্বি মাওলানা আবদুল মতিন বয়ান করেন। আখেরি মোনাজাত পরিচালনা করেন কাকরাইল মসজিদের জ্যেষ্ঠ মুরব্বি মাওলানা মোহাম্মদ হোসাইন।
মোনাজাতে অংশ নেওয়ার জন্য শহরের লোকজন সকালেই ইজতেমা মাঠে চলে যান। ফলে বেশির ভাগ দোকানপাট দুপুর পর্যন্ত বন্ধ ছিল। জেলার বিভিন্ন এলাকা থেকে আসা নারীরা নিজস্ব ব্যবস্থাপনায় আলাদাভাবে মোনাজাতে অংশ নেন।
আয়োজক সূত্রে জানা যায়, আখেরি মোনাজাতে পাঁচ লাখের ওপর মুসল্লি অংশ নেন। শান্তিপূর্ণভাবে ইজতেমা অনুষ্ঠানের জন্য কয়েক শ স্বেচ্ছাসেবক ছাড়াও ৭০০ পুলিশ, আনসার ও অন্যান্য বাহিনীর লোকজন কাজ করেছেন। আইনশৃঙ্খলা রক্ষায় জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হয়। মোনাজাত চলাকালে পুলিশ সুপার জয়দেব চৌধুরী ও জেলা পরিষদ চেয়ারম্যান প্রশান্ত কুমার রায় ইজতেমার মাঠ সার্বক্ষণিক তদারকি করেন।
যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, জেলা প্রশাসক মো. মুশফিকুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি মতিয়র রহমান খান, সাধারণ সম্পাদক আশরাফ আলী খান, জেলা বিএনপির সভাপতি আশরাফ উদ্দীন খান, জেলা জাতীয় পার্টির সভাপতি লিয়াকত আলী খান, অতিরিক্ত পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক সহসম্পাদক সামছুর রহমান প্রমুখ মোনাজাতে শরিক হন।