তিন দিনব্যাপী উন্নয়ন মেলা শুরু

বৃহত্তর রাজশাহীর বিভিন্ন জেলা ও উপজেলায় গতকাল সোমবার থেকে দেশে প্রথমবারের মতো সরকারের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নবিষয়ক তিন দিনব্যাপী মেলা শুরু হয়েছে। মেলায় উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে বিভিন্ন স্টল রয়েছে।
প্রতিদিন সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত মেলা চলবে। ৩০ সেপ্টেম্বর রাতে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে মেলা শেষ হবে।
আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
রাজশাহী: সকাল ১০টায় সিটি করপোরেশনের গ্রিন প্লাজায় রাজশাহী সদর আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা মেলার উদ্বোধন করেন। এর আগে এ উপলক্ষে নগর ভবন থেকে একটি শোভাযাত্রা বের করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে রাজশাহী জেলা প্রশাসক মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী সভাপতিত্ব করেন।
জয়পুরহাট: জেলা প্রশাসনের উদ্যোগে শহরে শোভাযাত্রা বের করা হয়। পরে শহরের শহীদ ডা. আবুল কাসেম ময়দানে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবদুর রহিম।
সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের বাজার স্টেশনের মুক্তির সোপান চত্বরে মেলার উদ্বোধন করেন স্থানীয় সাংসদ হাবিবে মিল্লাত। জেলা প্রশাসক বিল্লাল হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
এ ছাড়া জেলার শাহজাদপুর, কামারখন্দ, উল্লাপাড়া ও রায়গঞ্জ উপজেলা চত্বরে উপজেলা প্রশাসনের উদ্যোগে মেলার আয়োজন করা হয়।
নাটোর: নাটোরের গুরুদাসপুরে স্থানীয় সাংসদ অধ্যাপক আবদুল কুদ্দুস মেলার উদ্বোধন করেন। এর আগে সকালে র্যালি বের হয়। উপজেলা চত্বরে আয়োজিত মেলায় ৩৯টি স্টল বসেছে।
বগুড়া: দুপচাঁচিয়া, কাহালু, শিবগঞ্জ, আদমদীঘি ও ধুনটে মেলার উদ্বোধন করা হয়েছে। কাহালুতে মেলা উদ্বোধন করেন স্থানীয় সাংসদ এ কে এম রেজাউল করিম তানসেন।
আদমদীঘিতে মেলা উদ্বোধন শেষে শোভাযাত্রায় অংশ নেন ইউএনও রেজাউল করিম, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মহিত তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম খান প্রমুখ।