তিন দিনব্যাপী নাট্য ও সাংস্কৃতিক উৎসব শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ শহীদ স্মৃতি সরকারি বালিকা উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত তিন দিনব্যাপী নাট্য ও সাংস্কৃতিক উৎসব গতকাল সোমবার শেষ হয়েছে। গোয়ালন্দ মুক্তবাণী নাট্য ও সাংস্কৃতিক গোষ্ঠীর উদ্যোগে গত শনিবার এ আয়োজন শুরু হয়।

উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মণ্ডল সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। উৎসবের শেষ দিন গতকাল সাংস্কৃতিক সন্ধ্যায় ক্লোজআপ ওয়ান তারকা রিংকু, পলাশ, শাহানাজ বাবুসহ স্থানীয় শিল্পীরা সংগীত পরিবেশন করেন। এর আগে শনিবার উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাজবাড়ী-১ আসনের সাংসদ কাজী কেরামত আলী।

উৎসবে প্রথম ও দ্বিতীয় দিন রাতে যথাক্রমে শ্রী রঞ্জন দেবনাথের রচনা ও নাট্যকার নেকবার হোসেনের পরিচালনায় নাটক ‘জেল থেকে বলছি’ ও ‘মেঘে ঢাকা তারা’ মঞ্চায়িত হয়। এতে অভিনয় করেন গোবিন্দ মণ্ডল, বাদল বিশ্বাস, আইনদ্দিন ফকির, প্রদীপ, অপূর্ব সাহা, দ্বিজেন, পলাশ কবিরাজ, মনছুর আলী, সুজিৎ দাস, রঞ্জন রাহা, আবদুর রাজ্জাক, সনজিৎ সরকার, যোবায়ের, নেকবর হোসেন প্রমুখ।