তিন দিনব্যাপী নাট্যোৎসবের উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের সম্মিলিত নাট্য পরিষদের ৩২ বছর পূর্তি উপলক্ষে তিন দিনব্যাপী ‘প্রতিষ্ঠাবার্ষিকী নাট্যোৎসব’-এর উদ্বোধন হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল চারটায় নগরের রিকাবীবাজার এলাকার কবি নজরুল অডিটোরিয়ামের পাশের মুক্তমঞ্চে আলোচনা অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসব শুরু হয়।
সংগঠনের সভাপতি মিশফাক আহমদ মিশুর সভাপতিত্বে আলোচনা সভায় উদ্বোধকের বক্তব্য দেন মুক্তিযোদ্ধা পুরঞ্জয় চক্রবর্তী। এ ছাড়া সিটি করপোরেশনের সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরান, সংগঠনের প্রধান পরিচালক অরিন্দম দত্ত, সাধারণ সম্পাদক রজতকান্তি গুপ্ত প্রমুখ বক্তব্য দেন। পুরো সভাটি সঞ্চালন করেন ইন্দ্রানী সেন। পরে ৩২ জন শিশুর অংশগ্রহণে বেলুন উড়িয়ে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এরপর মুক্তমঞ্চে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য, আবৃত্তি, গান ও পথনাটক প্রদর্শিত হয়। সন্ধ্যা সাতটায় মিলনায়তনে থিয়েটার সিলেট উজানে মৃত্যু নাটকটি মঞ্চায়ন করে। সভায় বক্তারা বলেন, যখনই সমাজে অশুভ শক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে, তখনই সেটা প্রতিহত করতে সিলেটের নাট্যকর্মীরা ঐক্যবদ্ধভাবে জেগে উঠেছেন।
নাট্যোৎসবের দ্বিতীয় দিন আজ বুধবার একই স্থানে একই সময়ে সিলেটের নবশিখা নাট্যদল মঞ্চায়ন করবে সাত কন্যার কাহান এবং কাল বৃহস্পতিবার নাট্যমঞ্চ সিলেট মঞ্চায়ন করবে সুখের খোঁজে সুখলাল নাটকটি।