তিন দিনব্যাপী বৃক্ষমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের রাজীবপুর ও দিনাজপুরের হাকিমপুর উপজেলায় গতকাল মঙ্গলবার থেকে তিন দিনব্যাপী ফলদ বৃক্ষমেলা শুরু হয়েছে।

রাজীবপুর উপজেলা পরিষদ চত্বরে গতকাল বেলা ১১টায় প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান শফিউল আলম। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর বহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই কমান্ডার, ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম ও বিলকিস বেগম। উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শামছুজ্জামান, যুবলীগের সভাপতি আজিবর রহমান, সম্পাদক আতিয়ার রহমান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপসহকারী কৃষি কর্মকর্তা আবদুর রশিদ। অতিথিরা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিনা মূল্যে গাছের চারা বিতরণ করেন। মেলায় ১২টি স্টল রয়েছে।

এদিকে হাকিমপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় গতকাল বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে তিন দিনব্যাপী ফলদ বৃক্ষমেলার উদ্বোধন করেন ইউএনও মোসা. শুকরিয়া পারভীন ও উপজেলা চেয়ারম্যান আকরাম হোসেন মণ্ডল।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিলি আমদানি-রপ্তানিকারক গ্রুপের আহ্বায়ক পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন উর রশীদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর রেজা, সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন মল্লিক প্রমুখ। ভারপ্রাপ্ত উপজেলা কৃষি কর্মকর্তা আহম্মেদ রিজভী বলেন, মেলা বৃহস্পতিবার পর্যন্ত চলবে। মেলায় ১৮টি স্টল নিয়ে বিভিন্ন নার্সারির মালিকেরা অংশ নিয়েছেন।