তিন দিনব্যাপী ভাওয়াইয়া উৎসব শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরে সংগীত শিল্পী গোষ্ঠীর আয়োজনে তিন দিনব্যাপী বিভাগীয় ভাওয়াইয়া উৎসব গতকাল শেষ হয়েছে। শেষ দিনে ভাওয়াইয়া গানের সঙ্গে দলীয় নৃত্য পরিবেশন করছেন সংগঠনের শিল্পীরা l ছবি: প্রথম আলো
রংপুরে সংগীত শিল্পী গোষ্ঠীর আয়োজনে তিন দিনব্যাপী বিভাগীয় ভাওয়াইয়া উৎসব গতকাল শেষ হয়েছে। শেষ দিনে ভাওয়াইয়া গানের সঙ্গে দলীয় নৃত্য পরিবেশন করছেন সংগঠনের শিল্পীরা l ছবি: প্রথম আলো

দর্শকশ্রোতাদের মুগ্ধ করে রংপুরে গতকাল রোববার তিন দিনব্যাপী ভাওয়াইয়া উৎসব শেষ হয়েছে। প্রতিদিনই বিকেল থেকে রাত পর্যন্ত হাজারো দর্শকশ্রোতা মাটি ও মানুষের প্রাণের ভাওয়াইয়া গান শুনতে পাবলিক লাইব্রেরি মাঠে ছুটে এসেছেন। গতকালও এর কমতি ছিল না।
রংপুরের সাংস্কৃতিক সংগঠন সংগীত শিল্পীগোষ্ঠীর আয়োজনে এ উৎসবের আয়োজন করা হয়।
‘কানিচাত গাড়িনু আকাশি আকালি’, ‘আকালি ঝুমঝুম করে’, ‘আসা-যাওয়ার ঘাটাকোনাত বসাইয়াছে পিরিতির ফান্দ’, ‘বাও কুণ্ঠা বাতাস যেমন ঘুরিয়া ঘুরিয়া মরে’, ‘ও মোর কালারে’, ‘ওকি গাড়িয়াল ভাই’—এমনই অনেক ভাওয়াইয়া গানের সুরের মূর্ছনায় গতকাল শেষ দিনে দর্শকশ্রোতারা প্রাণভরে এ অঞ্চলের মাটি ও মানুষের গান শোনেন। সেই সঙ্গে ভাওয়াইয়া গানের তালে নৃত্য পরিবেশিত হয়েছে। বিকেল থেকে টানা রাত ১০টা পর্যন্ত দর্শকশ্রোতারা প্রাণ ভরে উপভোগ করেছেন ভাওয়াইয়া সংগীত।
উৎসবের শেষ দিনে গতকাল ঠাকুরগাঁও, কুড়িগ্রাম ও রংপুর জেলার ভাওয়াইয়াশিল্পীরা সংগীত পরিবেশন করেন। গতকাল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মিনু শীল।
আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক মকসুদার রহমান বলেন, এ অঞ্চলের ভাওয়াইয়াশিল্পীদের একত্র করে এই আয়োজন করতে পেরে অনেক ভালো লাগছে। আগামী দিনে আরও বড় আয়োজন করার চিন্তভাবনা রয়েছে।