চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) গতকাল রোববার থেকে তিন দিনব্যাপী স্থাপত্য প্রদর্শনী শুরু হয়েছে। ফ্রান্স দূতাবাস, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্থাপত্য বিভাগের উদ্যোগে এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ‘সাসটেইনেবল আর্কিটেকচার ইন বেঙ্গল’ শিরোনামে আয়োজিত এ প্রদর্শনীর মূল উদ্দেশ্য হলো স্থাপত্যশিল্পের বিভিন্ন বিষয় তুলে ধরা।বিকেলে প্রদর্শনী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে চুয়েটের উপাচার্য মো. জাহাঙ্গীর আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের (আইইবি) চেয়ারম্যান মোহাম্মদ হারুন, আলিয়ঁস ফ্রঁসেজ চট্টগ্রামের পরিচালক স্যামুয়েল বার্থেট প্রমুখ। প্রদর্শনীতে বুয়েটের স্থাপত্য বিভাগ, চুয়েটের স্থাপত্য এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ, বেসরকারি সংস্থা সচেতন ও কারিতাস তাদের টেকসই স্থাপত্য ভাবনা উপস্থাপন করে। এ ছাড়া স্টুডিও কার্যক্রম ও টেকসই স্থাপত্য ভাবনার ওপর চারটি তথ্যচিত্র দেখানো হয়। প্রদর্শনী ৪ ডিসেম্বর পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।