তিন দিনে অজ্ঞান অবস্থায় ১২ ব্যবসায়ীকে উদ্ধার
নাটোরের বড়াইগ্রামে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে অজ্ঞান পার্টির তৎপরতা বেড়ে গেছে। গত তিন দিনে মহাসড়কের এই অংশে অজ্ঞান পার্টির খপ্পরে পড়া ১২ ব্যবসায়ীকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বনপাড়া হাইওয়ে থানা ও বড়াইগ্রাম হাসপাতাল সূত্র জানায়, মঙ্গলবার ভোরে মহাসড়কের মানিকপুর কলাবাগানে দেলবার (৪৫) ও আনসার আলী (৪৪) নামের দুই বেগুন ব্যবসায়ীকে স্থানীয় লোকজন অজ্ঞান অবস্থায় উদ্ধার করে বড়াইগ্রাম হাসপাতালে ভর্তি করে। তাঁদের বাড়ি নওগাঁর আত্রাই উপজেলার ভাঙ্গাজাঙাল গ্রামে। দেলবার কিছুটা সুস্থ হয়ে সাংবাদিকদের বলেন, কিছু লোক কী যেন নাকের কাছে ঠেকাল। অমনি তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। এর আগে রোববার ভোরে বড়াইগ্রামের ইকড়ি গ্রামের খবির উদ্দিনের ছেলে আবুল কালাম (৪৩) ও ময়েজ উদ্দিনের ছেলে জহুরুল ইসলাম (৪০) ঢাকা থেকে ট্রাকযোগে ফেরার পথে দুর্বৃত্তরা তাঁদের অজ্ঞান করে লক্ষাধিক টাকা কেড়ে নিয়ে রাস্তার পাশে ফেলে রেখে যায়। বর্তমানে তাঁরা বড়াইগ্রাম হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাঁদের সঙ্গে ঝিনাইদহের আরও চার ব্যবসায়ীকে উদ্ধার করেছে এলাকাবাসী। একই দিনে বড়াইগ্রাম বাইপাস মোড় এলাকা থেকে বড়াইগ্রামের বিনোদ শাহ গ্রামের আবদুল বাসেতের দুই ছেলে জাহিদুল ইসলাম (৪২) ও আশরাফুল ইসলাম (২৪) এবং ঢাকার দক্ষিণখান এলাকার খোকনকে (২৫) উদ্ধার করেছে পথচারীরা। শনিবার সকালে রাজ্জাক মোড় এলাকা থেকে পাবনা জেলার সাঁথিয়া উপজেলার সমাসবাড়ী গ্রামের এশারত আলীর ছেলে মানিককে (২৪) অজ্ঞান অবস্থায় উদ্ধার করে স্থানীয় লোকজন বড়াইগ্রাম হাসপাতালে ভর্তি করেছে।বড়াইগ্রামের বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দ্বীন ইসলাম বলেন, অধিকাংশ ঘটনা চলন্ত পরিবহনের মধ্যে হয়ে থাকে। এসব পরিবহন বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের ফাঁকা এলাকায় প্রবেশ করার পর দুর্বৃত্তরা অজ্ঞান লোকজনকে ফেলে রেখে যায়। এই সুবিধার কারণে দুর্বৃত্তরা হয়তো মহাসড়কটি ব্যবহার করছে। ইতিমধ্যে দুজনকে ধরা হয়েছে।