ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অ্যান্টি-কিডন্যাপিং স্কোয়াড গঠনের তিন দিনের মধ্যে সেখানে ১৩টি অপহরণের অভিযোগ নিবন্ধিত হয়েছে। এর মধ্যে চারজনকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে ও দুজনকে কারা ফটক থেকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
নারায়ণগঞ্জে অপহরণের ঘটনায় একসঙ্গে সাত খুনের পর দেশব্যাপী অপহরণের বিষয়টি আলোচিত হয়। এর পরিপ্রেক্ষিতে গত শনিবার ৪০ সদস্যের ডিএমপির এই স্কোয়াড গঠিত হয়।
ডিবি কর্মকর্তারা জানান, অ্যান্টি-কিডন্যাপিং স্কোয়াডের নিবন্ধন খাতায় গতকাল সোমবার বিকেল পর্যন্ত তিন দিনে ২৩ জনের তথ্য নিবন্ধিত হয়েছে। এর মধ্যে ১৩টি অপহরণের অভিযোগ। এর ১০টি ঢাকা মহানগর এলাকার ভেতরের আর তিনটি বাইরের। ১৩ ঘটনার মধ্যে চারজনকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নামে অপহরণ করা হয়েছে। দুজন কেন্দ্রীয় কারাগারের ফটক থেকে অপহূত হয়েছেন বরে স্বজনেরা অভিযোগ করেছেন। আর দুটি অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে ফুসলিয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে অপহরণের অভিযোগে মামলা হয়েছে। এই ১৩ অভিযোগের মধ্যে একটি মাত্র ঘটনা স্কোয়াড গঠনের পরের। বাকিগুলো আগে ঘটেছে।
শনিবার স্কোয়াড গঠনের পরে গত রোববার রাজধানীর রায়েরবাজার এলাকা থেকে গোলাম সাত্তার নামের এক ব্যবসায়ীকে অপহরণ করা হয়। অপহূত ব্যক্তির ভাই মো. রাসেল জানান, এরপর অপহরণকারীরা এক লাখ টাকা দাবি করে। তারা ৬০ হাজার টাকা বিকাশের মাধ্যমে পরিশোধ করলে গোলাম সাত্তারকে ছেড়ে দেওয়া হয়।
২৩ তথ্যদাতার বাকি ১০টির মধ্যে অপহরণের হুমকি, হত্যার হুমকি ও পেশাদার অপহরণকারীদের বিষয়েও তথ্য দিয়েছেন অনেকে। কর্মকর্তারা জানান, এর বাইরেও চারটি ফোন নম্বরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এমনকি বিদেশ থেকেও ফোন আসছে। অনেকে ফোন করছেন কৌতূহলের কারণে। নম্বরগুলো আদৌ সচল কি না, তা দেখার জন্য কেউ ফোন করছেন। মধ্যপ্রাচ্যপ্রবাসী শ্রমিকদের বেশ কয়েকটি ফোন পেয়েছেন কর্মকর্তারা। ওই প্রবাসীরা দেশের এই পরিস্থিতি ভালো করে দেওয়ার জন্য কর্মকর্তাদের অনুরোধ করেছেন। আবার অনেকে অহেতুক ফোন করে বিরক্তও করছেন।
অ্যান্টি-কিডন্যাপিং স্কোয়াডের প্রধান ছানোয়ার হোসেন গতকাল প্রথম আলোকে বলেন, এই স্কোয়াডের সদস্যরা এখন দুটি অপহরণের ঘটনা নিয়ে বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছেন। বাকিগুলোর তথ্য বিশ্লেষণ করা হচ্ছে। এর মধ্যে রাজধানী ছাড়া অন্যান্য জায়গা থেকেও অভিযোগ এসেছে। তবে এই স্কোয়াড শুধু ঢাকা মহানগরের অভিযোগগুলোর বিষয়েই কাজ করবে। ঢাকার বাইরের পুলিশ এই স্কোয়াডের কাছে সাহায্য চাইলে স্কোয়াড সাহায্য করবে।
ছানোয়ার হোসেন আরও জানান, এর মধ্যেই এই স্কোয়াড গোয়েন্দা পুলিশের (ডিবি) ভুয়া পরিচয়ে অপরাধ ঘটানো একটি চক্রের আট সদস্যকে গ্রেপ্তার করেছে।
ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাননো হয়, রোববার রাতে অভিযান চালিয়ে ভুয়া ডিবি চক্রের আটজনকে গ্রেপ্তার করে অ্যান্টি-কিডন্যাপিং স্কোয়াড। তাঁদের কাছ থেকে রাশিয়ার তৈরি একটি শটগান, একটি ওয়্যারলেস সেট, একটি হাতকড়া, ২০টি ককটেল ও একটি মাইক্রোবাস উদ্ধার করা হয়েছে। অভিযানের সময় ওই চক্রের আরও কয়েকজন অন্য একটি মাইক্রোবাস নিয়ে পালিয়ে যান। এই চক্রটি রাজধানীসহ ডিবি পরিচয়ে মানুষ অপহরণ করে মুক্তিপণ দাবি করে থাকেন। এ ছাড়া তাঁরা বিভিন্ন সময় ডিবি পরিচয়ে বাসায় ঢুকে তল্লাশির নামে স্বর্ণালংকার ও অর্থ-সম্পদ লুট করেছেন।
স্কোয়াড কার্যকর হবে তো: রোববার প্রথম আলোর অনলাইন জরিপে প্রশ্ন ছিল ‘অপহরণ ঠেকাতে ডিএমপি যে অ্যান্টি-কিডন্যাপিং স্কোয়াড গঠন করেছে তার ওপর আপনার আস্থা আছে কি’। ওই জরিপে মোট ছয় হাজার ৯৪৬ জন অংশ নেন। এর মধ্যে ৮৭ দশমিক ১৩ ভাগ লোক ওই স্কোয়াডের ওপর নিজেদের আস্থাহীনতা প্রকাশ করেছেন। তবে কর্মকর্তারা বলছেন, সাম্প্রতিক নেতিবাচক ঘটনার ফলাফল ওই জরিপে পড়েছে। আস্থা ফেরাতে তাঁরা কাজ করছেন। তাঁরা আরও বলেন, সরকারের উচ্চপর্যায়ের সদিচ্ছা থাকলে প্রশিক্ষিত অপহরণকারীদের আস্তানাগুলোও খুঁজে বের করা সম্ভব।