তিন দিনে এক গ্রামের ১৭ স্থানে অগ্নিসংযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শিবগঞ্জ উপজেলার দামগাড়া গ্রামে তিন দিন ধরে একের পর এক খড়ের গাদায় অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। এতে এলাকাবাসীর মনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
গ্রামবাসী জানান, মঙ্গলবার রাত থেকে দুর্বৃত্তরা খড়ের গাদায় আগুন ধরিয়ে দিচ্ছে। মাঝিহট্ট ইউনিয়নের ওই গ্রামের পূর্বপাড়াসহ পাশের মীরাপাড়া ও মোড়পাড়ায় তিন দিনে ১৭টি স্থানে আগুন দেওয়া হয়েছে। এতে কৃষকদের বিপুল পরিমাণ খড় ভস্মীভূত হয়ে গেছে। দুর্বৃত্তরা কী কারণে আগুন লাগাচ্ছে, তা তাঁরা বুঝতে পারছেন না। তবে দেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতার সময়ে এভাবে আগুন লাগানোর ঘটনায় গ্রামবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
গ্রামের গৃহবধূ আনোয়ারা বেগম বলেন, ‘বৃহস্পতিবার রাতে চিৎকার শুনে ঘুম ভেঙে গেল। এসে দেখি খড়ের পালাগুলো দাউ দাউ করে জ্বলছে। পরে গ্রামবাসী নিজেদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। কিন্তু তখন পালা পুড়ে শেষ।’
গ্রামের আনছার আলী জানান, একের পর এক আগুন লাগানোর ফলে মানুষ ভয়ে রাতে ঘুমাতে পারে না।
মাঝিহট্ট ইউপির চেয়ারম্যান আকবর আলী বলেন, ‘একের পর এক আগুন লাগানোর ঘটনায় মানুষ দিশেহারা হয়ে পড়েছেন। মানুষের মধ্যে এতটুকু মনুষ্যত্ব থাকলে এ রকম কাজ করতে পারত না। ঘটনাটি যেই ঘটাক, তার উপযুক্ত শাস্তি হওয়া দরকার।’