তিন দিনে জ্বালানি তেলে সরকারের ভর্তুকি আরও বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত তিন দিনে জ্বালানি তেলে সরকারের ভর্তুকি আরও বেড়েছে। গতকাল রোববার সরকারি এক তথ্য বিবরণীতে এ কথা বলা হয়েছে। ওই তথ্য বিবরণীতে জ্বালানি তেলের ‘মূল্য পুনর্নির্ধারণ সম্পর্কে বিভিন্ন মহলের উপস্থাপিত নানা তথ্য সম্পর্কে ব্যাখ্যা’ দেওয়া হয়েছে।১০ নভেম্বর রাতে অভ্যন্তরীণ বাজারে জ্বালানি তেলের দাম বাড়ানোর (১১ নভেম্বর থেকে কার্যকর) সময় সরকারি তথ্য বিবরণীতে জানানো হয়েছিল, ওই মূল্যবৃদ্ধির পরও সরকারকে প্রতি লিটার ডিজেল, কেরোসিন ও ফার্নেস তেলে যথাক্রমে ১৬ টাকা ৩৯ পয়সা, ১৬ টাকা ৩১ পয়সা ও চার টাকা ৯৭ পয়সা ভর্তুকি দিতে হবে।গতকালের তথ্য বিবরণীতে ওই ভর্তুকির অঙ্ক যথাক্রমে ১৮ টাকা ৯৪ পয়সা, ১৮ টাকা ৬১ পয়সা এবং ছয় টাকা ৫৫ পয়সা দিতে হবে বলে উল্লেখ করা হয়েছে। কারণ, ১০ নভেম্বর আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল ডিজেলের দাম ছিল ১২১ দশমিক ৮৩ মার্কিন ডলার। আর গতকাল তা হয়েছে ১২৪ দশমিক ০২ ডলার।এ ছাড়া তথ্য বিবরণীতে বলা হয়, জ্বালানি তেলের মূল্য পুনর্নির্ধারণ একটি নিয়মিত প্রক্রিয়া। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত দেশে ডিজেল ও কেরোসিনের মূল্য মোট নয়বার বাড়ানো হয়। ২০০১ সালের ডিসেম্বর মাসে দেশে ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম ছিল ১৭ টাকা। ২০০৬ সালের জুন মাসে তা হয় ৩৩ টাকা।বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের সময় ২০০৯ সালের জানুয়ারি মাসে আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল ডিজেলের দাম ছিল ৫১ দশমিক ৫২ মার্কিন ডলার। ২০১০ সালের অক্টোবর মাসে ছিল ৯১ দশমিক ৭২ ডলার। বর্তমানে প্রতি ব্যারেল ১২৪ দশমিক ০২ ডলার। দেশে ব্যবহূত জ্বালানি তেলের প্রায় ৬৫ শতাংশ ডিজেল।তথ্য বিবরণীতে বলা হয়, গত অর্থবছরে (২০১০-১১) জ্বালানি তেল আমদানিতে বিপিসির লোকসান হয়েছে প্রায় আট হাজার ২০০ কোটি টাকা। এর বিপরীতে ভর্তুকি হিসেবে সরকার বিপিসিকে পাঁচ হাজার ৭৯১ কোটি টাকা দিয়েছে। ১১ নভেম্বর জ্বালানি তেলের দাম লিটারপ্রতি আরও পাঁচ টাকা বাড়ানোর পরও চলতি অর্থবছরে প্রায় ১১ হাজার কোটি টাকা ভর্তুকি লাগতে পারে।