
তিন দিনের টানা বর্ষণ, অধিক উচ্চতার জোয়ারে বরিশালসহ দক্ষিণাঞ্চলের জীবনযাত্রা অচল হয়ে পড়েছে। শ্রমজীবী মানুষেরা ঘর থেকে বের হতে না পারায় মানবেতর দিন কাটাচ্ছেন। ভারী বর্ষণ ও জোয়ারে পানিতে বরগুনার অন্তত ৪০টি গ্রাম প্লাবিত হওয়ায় এসব এলাকার কয়েক হাজার পরিবার সীমাহীন দুর্দশায় আছে। প্রবল বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতায় আমনের বীজতলার ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কায় দিশেহারা হয়ে পড়েছেন কৃষক।
বরিশাল আবহাওয়া কার্যালয়ের কর্মকর্তারা বলছেন, সোমবার থেকে গতকাল মঙ্গলবার সকাল নয়টা পর্যন্ত ২৪ ঘণ্টায় বরিশাল নগরে ৬৪ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে গতকাল দিনভর বরিশাল ও দক্ষিণাঞ্চলে অবিরাম ভারী বর্ষণ অব্যাহত ছিল।
বরিশাল আবহাওয়া কার্যালয়ের জ্যেষ্ঠ পর্যবেক্ষক মো. মিলন হাওলাদার গতকাল দুপুরে প্রথম আলোকে বলেন, মৌসুমি বায়ুর প্রভাবে সৃষ্ট নিম্নচাপটি এখন পশ্চিমবঙ্গে অবস্থান করছে। এ জন্য উত্তর বঙ্গোপসাগরে ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে। পায়রা, মোংলা, চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরের জন্য ৩ নম্বর সতর্কসংকেত এবং অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য ১ নম্বর সতর্কসংকেত জারি করা হয়েছে।
অন্যদিকে দক্ষিণাঞ্চলের নদ-নদীতে তিন দিন ধরে অধিক উচ্চতার জলোচ্ছ্বাস হচ্ছে। বরিশালের কীর্তনখোলা, পটুয়াখালীর পায়রা, বরগুনার বিষখালী নদী ও বলেশ্বর নদে স্বাভাবিক জোয়ারের চেয়ে দেড় থেকে দুই মিটার উচ্চতার জোয়ার হচ্ছে।
বরগুনার আমতলী পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্র জানায়, গত তিন দিন ধরে ভারী বর্ষণ ও লঘুচাপের প্রভাবে বঙ্গোপসাগর ও পায়রা নদীতে স্বাভাবিক জোয়ারের চেয়ে ১ দশমিক ৫ মিটার পানি বৃদ্ধি পেয়েছে। এতে সাগর মোহনা ও পায়রা নদীসংলগ্ন চর ও নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় দুই উপজেলার মাঠঘাট পানিতে নিমজ্জিত হওয়ায় কৃষিকাজ বন্ধ রয়েছে। আমনের বীজতলায় বীজ পচে যাওয়ার আশঙ্কা করেছেন কৃষকেরা। নদ-নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় আমতলীর বালিয়াতলীর বয়াতি বাড়িসংলগ্ন বন্যানিয়ন্ত্রণ বাঁধের ২০০ মিটার ভাঙা অংশ দিয়ে পায়রা নদীর পানি প্রবেশ করে বালিয়াতলী, ঘোপখালী, পশুরবুনিয়া, দক্ষিণ ঘোপখালী ও চরকগাছিয়া গ্রাম প্লাবিত হয়েছে। তালতলী উপজেলার তেঁতুলবাড়িয়া নামক স্থানের ১ কিলোমিটার ভাঙা বাঁধ দিয়ে পানি ঢুকে তেঁতুলবাড়িয়া, নলবুনিয়া, আগাপাড়া ও মোয়াপাড়া গ্রাম প্লাবিত হয়েছে। এসব এলাকার বাড়িঘরে পানি উঠে যাওয়ায় চরম দুর্দশার মধ্যে আছেন। তাঁরা জোয়ারের সময় পানিতে ভিজছেন আবার ভাটায় শুকাচ্ছেন। এমন অবস্থা গত তিন দিন ধরে চলছে।
এ ছাড়া বন্যানিয়ন্ত্রণ বাঁধের বাইরে বঙ্গোপসাগর ও পায়রা নদীসংলগ্ন নিদ্রা সকিনা, ফকিরহাট, তালুকদারপাড়া, নিশানবাড়িয়া, ফাতরা, জয়ালভাঙ্গা, খোট্টারচর, আশারচর, তালতলী, তালুকদারপাড়া, চরপাড়া, গাবতলী, লেমুয়া, মৌপাড়া, ছোটবগী, পচাকোড়ালিয়া, বালিয়াতলী, পশুরবুনিয়া, আড়পাঙ্গাশিয়া, আমতলী ফেরিঘাট, লঞ্চঘাট, শ্মশানঘাট, আমুয়ার চর ও গুলিশাখালী গ্রাম পানিতে নিমজ্জিত হওয়ায় এসব এলাকার অন্তত ২৫ হাজার পরিবার পানিবন্দী অবস্থায় আছে।
জয়ালভাঙা গ্রামে কৃষক স্বপন জোমাদ্দার বলেন, পানিতে মাঠঘাট তলিয়ে গেছে। চাষাবাদ বন্ধ রয়েছে। বৃষ্টি আর দুই-এক দিন স্থায়ী হলে আমন ধানের সব বীজ পচে যাবে। বরগুনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মশিউর রহমান গতকাল প্রথম আলোকে বলেন, এ অঞ্চলের নদ-নদীতে স্বাভাবিক জোয়ারের চেয়ে ১ দশমিক ৫ মিটার পানি বৃদ্ধি পেয়েছে। তিনি আরও বলেন তেঁতুলবাড়িয়া ও বালিয়াতলী বন্যানিয়ন্ত্রণ বাঁধের ভাঙা অংশ এখন সংস্কার করা সম্ভব না। শুকনো মৌসুমে সংস্কার করা হবে।