সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের গাইনি ওয়ার্ডে হ-য-ব-র-ল অবস্থা বিরাজ করছে বলে অভিযোগ পাওয়া গেছে। নানা অনিয়ম, অব্যবস্থাপনা ও চিকিৎসকের অনুপস্থিতির কারণে সুষ্ঠু চিকিৎসার অভাবে তিন দিনে মারা গেছেন দুই প্রসূতি।হাসপাতাল সূত্রে জানা গেছে, গাইনি বিভাগে চারজন চিকিৎসক কর্মরত রয়েছেন। তাঁদের মধ্যে সিনিয়র কনসালট্যান্ট সেলিনা বেগম থাকেন ঢাকায়। সেখান থেকে এসে দায়িত্ব পালন করেন। তাঁর স্বামী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসক। তাঁরা ঢাকাতে প্রাইভেট প্যাকটিস করেন।৭ আগস্ট রায়গঞ্জ উপজেলার ব্যাঙনাই গ্রামের হান্নান শেখের স্ত্রী প্রসূতি বেবী খাতুন খিঁচুনি রোগে আক্রান্ত হয়ে এই হাসপাতালের গাইনি বিভাগে ভর্তি হন। ওই দিন সন্ধ্যায় ভর্তি হওয়ার পর কোনো বিশেষজ্ঞ চিকিৎসক উপস্থিত না থাকায় চিকিৎসা না পেয়ে শেষ পর্যন্ত রাত ১১টার দিকে তাঁর মৃত্যু হয়। হান্নান শেখ বলেন, ‘ভর্তির পর নার্সদের কত হাতে-পায়ে ধরেছি চিকিৎসককে খবর দেওয়ার জন্য। নার্সরা বলেছেন, চিকিৎসক নেই, রোগীকে বাইরের কোনো হাসপাতালে নিয়ে যান। রোগীকে অন্যত্র নিতে নিতেই মৃত্যুর কোলে ঢলে পড়ে।’৮ আগস্ট সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের গোবিন্দপটল গ্রামের শামিম উদ্দিনের স্ত্রী প্রসূতি ফরিদা খাতুনকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে আনা হয়। ওই দিন গাইনি বিভাগের প্রধান সে সময় উপস্থিত না থাকায় তাঁকে জরুরি বিভাগের চিকিৎসক বিপ্লব সার্জারি বিভাগে পাঠান। সেখানে ভর্তির পর উপযুক্ত চিকিৎসা না পেয়ে রক্তক্ষরণ ও খিঁচুনিতে ৯ আগস্ট সন্ধ্যায় মারা যান। সিরাজগঞ্জের সিভিল সার্জন নাজিমুদ্দিন খান বলেন, ‘হাসপাতালের গাইনি বিভাগ নিয়ে তিনি খুবই সমস্যার মধ্যে আছেন। সিনিয়র কনসালট্যান্ট হাসপাতালে অনিয়মিত। তিনি ঢাকা থেকে অফিস করেন। ছুটির জন্য অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করেন না। অফিস সহকারীর কাছে ছুটির দরখাস্ত জমা দিয়ে চলে যান। সঠিকভাবে দায়িত্ব পালন করার জন্য অনুরোধ করেও কাজ হয়নি।’চিকিৎসক সেলিনা বেগম বলেন, ‘ঢাকাতে বাসা হলেও বেশির ভাগ সময় আমি সিরাজগঞ্জেই অবস্থান করি। আমি না থাকলেও চিকিৎসাসেবার ক্ষেত্রে আমার ওয়ার্ডে কোনো সমস্যা নেই। বরং অন্য চিকিৎসকেরাই থাকেন না। অনুপস্থিত থাকলে আমি ছুটির দরখাস্ত দিয়ে চলে যাই। যে দুজন রোগী মারা গেছে, এর মধ্যে একজনের একলামশিয়া হয়েছিল। হাসপাতালের চিকিৎসকেরা সঠিক চিকিৎসাই দিয়েছে। অন্যটা বাইরের ঘটনা। এ দুটি ঘটনায় আমার কোনো সম্পৃক্ততা নেই। আমি গত আড়াই মাস ধরে যোগদান করার পর চিকিৎসাসেবার যথেষ্ট উন্নতি হয়েছে।’