তিন দিনে দেড় শতাধিক ডায়রিয়া রোগী হাসপাতালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডের বারান্দায় মেঝেতে রোগীরা। ছবিটি গতকাল দুপুরে তোলা l প্রথম আলো
চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডের বারান্দায় মেঝেতে রোগীরা। ছবিটি গতকাল দুপুরে তোলা l প্রথম আলো

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বিভিন্ন মহল্লায় ডায়রিয়া ছড়িয়ে পড়েছে। গত তিন দিনে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ডায়রিয়ায় আক্রান্ত দেড় শতাধিক রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। পৌরসভার সরবরাহ করা দূষিত পানি পান ও ব্যবহার করায় এই ডায়রিয়া ছড়াচ্ছে বলে চাঁপাইনবাবগঞ্জ সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে।
সরেজমিনে গতকাল মঙ্গলবার দুপুরে সদর হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে, ওয়ার্ডের বাইরে ও হাসপাতালের বারান্দায় রোগীদের ভিড় দেখা যায়। খোঁজ নিয়ে জানা যায়, গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত প্রায় ৫০ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে শহরের মসজিদপাড়ার রোগীই বেশি।
মসজিদপাড়ার আসতারা বেগম (২২) ও সুরভি খাতুন (২০) অভিযোগ করেন, হাসপাতাল থেকে কলেরা স্যালাইন সরবরাহ করা হচ্ছে না।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) শফিকুল ইসলাম বলেন, পৌর এলাকার মসজিদপাড়া, কালীতলা গলি, চাঁদলাই, পিটিআই বস্তি, আলীনগরে ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। পৌরসভার সরবরাহ করা দূষিত পানি থেকে এই ডায়রিয়া ছড়াচ্ছে। এ বিষয়ে সতর্কতামূলক ব্যবস্থা নিতে পৌর মেয়রকে বলা হয়েছে। তা না হলে ডায়রিয়া ব্যাপক আকারে ছড়িয়ে পড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করেন এই চিকিৎসক। তিনি হাসপাতালে কলেরা স্যালাইন না থাকার কথা নিশ্চিত করে বলেন, এই স্যালাইনের সরবরাহ না থাকায় রোগীদের দেওয়া সম্ভব হচ্ছে না। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলে জানান তিনি।
চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন প্রধান মো. আবুল কালাম আজাদ বলেন, ডায়রিয়ায় আক্রান্ত অধিকাংশ রোগীই পৌর এলাকার। পৌরসভার সরবরাহ করা দূষিত পানি পান ও ব্যবহার করায় এই ডায়রিয়া ছড়াচ্ছে বলে জানান তিনি।
এ ব্যাপারে পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র সাইদুর রহমান বলেন, গত সোমবার পৌর পরিষদের সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। পৌরসভার স্বাস্থ্য ও পানি বিভাগকে এরই মধ্যে ডায়রিয়া প্রতিরোধে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশও দেওয়া হয়েছে।
পৌরসভার চিকিৎসা কর্মকর্তা ওয়ালিউল ইসলাম খান বলেন, গতকাল তিনি হাসপাতালে গিয়ে পৌর এলাকার ডায়রিয়ায় আক্রান্ত রোগীদের দেখে এসেছেন। এর মধ্যে মসজিদপাড়ার রোগীই বেশি। মসজিদপাড়ার বাসিন্দাদের পানি ফুটিয়ে পান করার পরামর্শ দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, পৌরসভার পানি সরবরাহ পাইপলাইনে সমস্যা রয়েছে। এ জন্য ওই পাইপলাইনের পানি বিশুদ্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছে।