তিন দিনে রাজস্ব আয়ে রেকর্ড
হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যানে এবার রেকর্ডসংখ্যক পর্যটকের সমাগম হয়েছে। ঈদুল ফিতর থেকে তিন দিনে রাজস্ব আয় হয়েছে এক লাখ ১৭ হাজার ৩৮০ টাকা, যা গত বছরের ঈদের তিন দিনের চেয়ে প্রায় ৫০ হাজার টাকা বেশি।সাতছড়ি জাতীয় উদ্যানসহ ব্যবস্থাপনা কমিটি সূত্রে জানা যায়, ঈদুল ফিতর উপলক্ষে দীর্ঘ সরকারি ছুটি থাকায় উদ্যানে এবার রেকর্ডসংখ্যক পর্যটকের সমাগম হয়েছে। গত সোমবার থেকে গতকাল বুধবার পর্যন্ত টিকিট ক্রয় করে উদ্যানে প্রবেশ করেছে আট হাজার ৪০০ জন পর্যটক। এর মধ্যে শিক্ষার্থীই ছিল ছয় হাজার ২৩১ জন।নাম প্রকাশে অনিচ্ছুক উদ্যানের ব্যবস্থাপনা কমিটির একজন সদস্য বলেন, উদ্যানে সীমানায় বেড়া (প্রাচীর) না থাকায় অধিকাংশ পর্যটকই টিকিট ছাড়াই উদ্যানে প্রবেশ করছে। এতে সরকার হারাচ্ছে বিরাট রাজস্ব। এ ছাড়া অন্যান্য বছর বিদেশি পর্যটকের আগমন হলেও এবার চোখে পড়েনি একজন বিদেশিরও। সাতছড়ি সহব্যবস্থাপনা কমিটির হিসাব কর্মকর্তা মো. জসিম উদ্দিন প্রথম আলোকে জানান, এবার রেকর্ডসংখ্যক পর্যটকের সমাগম হলেও বিদেশি পর্যটক আসেনি একজনও। গত তিন দিনে রাজস্ব আয় হয়েছে এক লাখ ১৭ হাজার ৩৮০ টাকা।সমন্বিত রক্ষিত এলাকা সহব্যবস্থাপনা প্রকল্পের (আইপ্যাক) সাইট ফেসিলিটেটর এস এম মামুন জানান, গত বছর ঈদুল ফিতরের দিন থেকে পরবর্তী তিন দিনে ৭০ হাজার টাকা রাজস্ব আয় হয়েছিল।